ইজতেমার কারণে ৩ দিনের এসএসসি পরীক্ষা পেছাল

বিশ্বইজতেমার কারণে চলতি মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের ১৬, ১৭ ও ১৮ ফেব্রুয়ারির পরীক্ষা পেছানো হয়েছে। গতকাল রবিবার রাতে দেশ রূপান্তরকে পরীক্ষা পেছানোর বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মু. জিয়াউল হক। তিনি বলেন,বিশ্বইজতেমার কারণে অসংখ্য লোকের সমাগম হয়। চলাফেরা করতে সমস্যা হয়। সেজন্য আমরা ওই তিন দিনের এসএসসি ও সমমানের পরীক্ষা পিছিয়েছি। চেয়ারম্যান জানান, নতুন সিদ্ধান্ত অনুযায়ী আটটি সাধারণ শিক্ষা বোর্ডের অধীন ১৬ ফেব্রুয়ারির পরীক্ষা হবে ২৬ ফেব্রুয়ারি, ১৭ ফেব্রুয়ারির পরীক্ষা হবে ২৭ ফেব্রুয়ারি এবং ১৮ ফেব্রুয়ারির পরীক্ষাটি হবে ২ মার্চ। এর ফলে ব্যবহারিক পরীক্ষার সময়ও পিছিয়ে যাবে। এখন ২৬ ফেব্রুয়ারি সংগীত বিষয়ের ব্যবহারিক পরীক্ষা হবে ৩ মার্চ। আর ২৭ ফেব্রুয়ারি থেকে ৫ মার্চ অনুষ্ঠেয় অন্যান্য বিষয়ের ব্যবহারিক ৪ থেকে ১০ মার্চের মধ্যে হবে।

এ বছর তাবলিগ জামাতের বিশ্ব ইজতেমা এক পর্বে চার দিনে হবে। আগামী ১৫, ১৬, ১৭ ও ১৮ ফেব্রুয়ারি টঙ্গীর তুরাগ নদের তীরে এই ইজতেমা অনুষ্ঠিত হবে।