অর্থনৈতিক অঞ্চল ও বিদ্যুৎ খাত উন্নয়নে সহায়তা বাড়াতে চায় জাপানভিত্তিক সংস্থা জাইকা। এ তথ্য জানিয়ে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, নারায়ণগঞ্জের আড়াইহাজারের কাছে একটা রপ্তানি অঞ্চলের কাজ চলছে। এর কাজ খুব শিগগির শেষ হবে বলে তারা আশা করছেন। জাইকা পাবলিক প্রাইভেট পার্টনারশিপের (পিপিপি) আওতায় এটা করে দিচ্ছে। কাজ শেষ হলে বিনিয়োগ আসবে। জাপানি বিনিয়োগকারীরাও আসবেন বলে আশা করছেন তিনি।
গতকাল সোমবার রাজধানীর আগারগাঁওয়ে পরিকল্পনামন্ত্রীর কার্যালয়ে জাইকার প্রতিনিধি হিতোশি হিরাতার নেতৃত্বে তিন সদস্যের এক প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক হয়। বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা জানান তিনি।পরিকল্পনামন্ত্রী বলেন, ‘জাইকার প্রতিনিধিদল এসেছিল। আমাদের কাজে সার্বিকভাবে জাইকা সন্তুষ্ট। আমরা বলেছি, আপনারা আমাদের খুব পুরনো বন্ধু। আমরা আপনাদের সঙ্গে সম্পর্ক আরও গভীর করতে চাই। আরও বেশি ঋণসহায়তা দেবেন। বৈদেশিক ঋণ পরিশোধের কিস্তিতে আমাদের কোনো ল্যাপস (বিলম্ব) হয়নিই। আগামীতেও হবে না। এ জন্য সার্বিকভাবে তারা খুশি।’
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, অর্থনৈতিক অঞ্চল ও বিদ্যুৎ খাতের উন্নয়নে তাদের সহায়তা বাড়ানোর ক্ষেত্রে বেশি আগ্রহ দেখিয়েছে জাইকা।
তিনি আরও বলেন, ‘প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়ানোর জন্য কিছু পরামর্শ দিচ্ছে। উন্নয়ন প্রকল্প প্রস্তাবনা (ডিপিপি) এখন যে গতিতে হচ্ছে, এটা আরও দ্রুত করা যাবে বলে তাদের বিশ^াস। আমারও ওটাতে আগ্রহ। আমিও চাই, এটা আরও দ্রুত হোক।’২০২২ সালের মধ্যে জাইকা মেট্রোরেল নির্মাণকাজ শেষ করতে চায় জানিয়ে এম এ মান্নান বলেন, ‘মেট্রোরেল (এমআরটি-৬) হলি আর্টিজান দুর্ঘটনার জন্য পিছিয়ে গেছে। এটা তারাও (জাইকা) স্বীকার করেছে। এর কাজ ২০২২ সালের মধ্যে তারা করতে পারবে বলছে। ঢাকার যানজট নিরসনে ২০ বছর মেয়াদি সংশোধিত কৌশলগত পরিবহন পরিকল্পনা (আরএসটিপি) অনুযায়ী, পাঁচটি মেট্রোরেল রুট নির্মাণ করা হবে। এর একটির (এমআরটি-৬) নির্মাণকাজ চলছে।’