মাদক কারবার বন্ধ ও কারবারিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গতকাল মঙ্গলবার গোপালগঞ্জ সদর উপজেলার বাজুনিয়া গ্রামে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন এলাকাবাসী। মানববন্ধনে বাজুনিয়া গ্রামের শেফালী মল্লিক, শিল্পী বৈদ্য, অর্জুন ভক্ত, কাজী আজম, দীপংকর ভক্ত, জোবায়ের শেখ, বিনা বিশ্বাস ও বাদল কৃষ্ণ প্রমুখ বক্তব্য রাখেন।বক্তারা বলেন, বাজুনিয়া গ্রামের চিহ্নিত মাদক কারবারি জাকারিয়া ভুইয়া ও শামিম সরদার দীর্ঘদিন ধরে গ্রামে মাদক কারবার করে আসছে। এতে তরুণ সমাজ মাদকের নেশায় বিপথে যাচ্ছে। কেউ প্রতিবাদ করতে গেলেই তাদের হামলার শিকার হতে হয়। এলাকার মাদক কারবারিদের এ সমস্যা থেকে মুক্তি পেতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তারা। মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল বের করা হয়। এ ব্যাপারে গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার সানোয়ার হোসেন বলেন, তদন্তের পর এসব অভিযোগের সত্যতা পাওয়া গেলে পুলিশ আইনানুগ পদক্ষেপ নেবে।