ইডেনের সাবেক অধ্যক্ষ খুন

এজাহারভুক্ত তিন আসামি ‘পুলিশ হেফাজতে’

ইডেন কলেজের সাবেক অধ্যক্ষ মাহফুজা চৌধুরী পারভীন (৬৬) হত্যার ঘটনায় এজাহারভুক্ত তিন আসামিকে পুলিশ হেফাজতে নেওয়ার খবর পাওয়া গেছে। তাদের মধ্যে গৃহপরিচারিকা সরবরাহ করা রুনু আক্তারকে গত সোমবার এবং স্বপ্না ও রেশমাকে গতকাল মঙ্গলবার হেফাজতে নেওয়া হয় বলে জানিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশের এক কর্মকর্তা।

তিন নারীকে আটকের বিষয়টি আনুষ্ঠানিকভাবে স্বীকার করেননি কোনো পুলিশ কর্মকর্তা। তারা বলছেন, তদন্ত চলছে। তদন্তের স্বার্থে এখন কোনো তথ্য দেওয়া যাবে না। তবে শিগগিরই ভালো অগ্রগতির খবর দেওয়া যাবে। এই হত্যাকাণ্ডে গৃহকর্মী ছাড়াও আরও কেউ জড়িত থাকতে পারে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপকমিশনার মারুফ হোসেন সরদার বলেন, ‘আশা করছি খুব দ্রুত হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন করা সম্ভব হবে। তদন্তের স্বার্থে কোনো তথ্য দেওয়া সম্ভব হচ্ছে না।’

নিউমার্কেট থানাধীন ৩৫, মিরপুর রোডের সুকন্যা টাওয়ারের ডুপ্লেক্স ফ্ল্যাটে খুন হন ইডেন কলেজের সাবেক অধ্যক্ষ। এ ঘটনায় তার স্বামী মুক্তিযোদ্ধা ইসমত কাদির গামা গত সোমবার রাজধানীর নিউমার্কেট থানায় একটি হত্যা মামলা করেন। মামলায় বাড়ির দুই গৃহকর্মী রুমা ওরফে রেশমা (৩০) ও স্বপ্নাকে (৩৫) এজাহারভুক্ত আসামি করা হয়েছে। তাদের সরবরাহ করা রুনু আক্তার হত্যাকাণ্ডে জড়িত থাকতে পারে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

গৃহকর্মী স্বপ্নার বাড়ি ফরিদপুরের বোয়ালমারী থানার মজিরদি গ্রামে। আর রেশমার বাড়ি কিশোরগঞ্জ জেলার ইটনা থানার রায়কুটি গ্রামে।

মামলার বাদী ইসমত কাদির গামা মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সাবেক ভাইস চেয়ারম্যান ও ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক। মাহফুজা চৌধুরী ২০০৯ থেকে ২০১২ সাল পর্যন্ত ইডেন মহিলা কলেজের অধ্যক্ষ ছিলেন। সুকন্যা টাওয়ারের ১৫ ও ১৬ তলায় দুটি ফ্ল্যাটে এই দম্পতির বহুদিনের সংসার।