ন্যাপিয়ারে নিউ জিল্যান্ডের বিপক্ষে মোহাম্মদ মিঠুন ও সাইফউদ্দিনের ৮৪ রানের দায়িত্বশীল জুটি জায়গা করে নিয়েছে রেকর্ড বইয়ে। আন্তর্জাতিক ওয়ানডেতে অষ্টম উইকেট জুটিতে এটাই বাংলাদেশের সর্বোচ্চ রানের জুটি।
এই জুটিতে কিউইদের বিপক্ষে কিছুটা হলেও লড়াই করার রসদ পায় টসে হেরে প্রথমে ব্যাট করতে নামা বাংলাদেশ।
মাত্র ৪২ রানেই শীর্ষের চার ব্যাটসম্যানকে হারিয়ে মারাত্মক ব্যাটিং বিপর্যয়ে পড়ে যায় মাশরাফী বিন মোর্ত্তজার দল। পাঁচ নম্বরে নেমে সেখান থেকে দলকে টেনে তোলার চেষ্টা চালান মিঠুন।
দলকে এগিয়ে নেওয়ার পথে মাহমুদউল্লাহ, সাব্বির রহমান, মেহেদি হাসান মিরাজের সঙ্গে ছোট ছোট জুটি গড়েন মিঠুন। সবচেয়ে কার্যকরী জুটি গড়েন আট নম্বরে ব্যাট করতে নামা সাইফউদ্দিনের সঙ্গে। এই জুটিতে আসে ৯৫ বলে ৮৪ রান!
এর মধ্যে অর্ধশতক (৬২) হাঁকানো মিঠুনের অবদান ৩৩ রান; সাইফউদ্দিনের ৪১। গুরুত্বপূর্ণ এই জুটি গড়ে রেকর্ড বইয়েও জায়গা করে নিলেন তারা।
ওয়ানডেতে এর আগে বাংলাদেশের সেরা অষ্টম উইকেট জুটি ছিল খালেদ মাসুদ পাইলট ও মোহাম্মদ রফিকের দখলে। নিউ জিল্যান্ডই ছিল প্রতিপক্ষ। ২০০৩ সালে কিম্বার্লিতে ওই ম্যাচে অষ্টম উইকেটে অপরাজিত ৭০ রানের জুটি গড়েছিলেন পাইলট-রফিক।
অষ্টম উইকেটে বাংলাদেশের সেরা জুটিগুলো:
রান জুটি প্রতিপক্ষ ভেন্যু সাল
৮৪ মিঠুন-সাইফ উদ্দিন নিউ জিল্যান্ড নেপিয়ার ২০১৯
৭০* খালেদ মাসুদ-রফিক নিউ জিল্যান্ড কিম্বার্লি ২০০৩
৬৯ মাশরাফি-নাসির ইংল্যান্ড মিরপুর ২০১৬
৬৬ মাশরাফি-মিরাজ ভারত দুবাই ২০১৮
৬৫ মেহরাব জুনিয়র-মাহবুবুল জিম্বাবুয়ে বুলাওয়ায়ো ২০০৯
৬৫ নাসির-রাজ্জাক জিম্বাবুয়ে হারারে ২০১১
৬৫ মাহমুদউল্লাহ-মাশরাফি জিম্বাবুয়ে মিরপুর ২০১৪