‘অসামাজিক কাজের’ অভিযোগে ফরিদপুরে হোটেলে অভিযান: ২৮ শিক্ষার্থীর জেল

অসামাজিক কাজে জড়িত থাকার অভিযোগে আবাসিক হোটেল থেকে আটকের পর ২৮ কলেজ শিক্ষার্থীকে সাত দিন করে জেল দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ ঘটনায় আটক দুই স্কুলছাত্রীর বয়স ১৮ বছরের নিচে হওয়ায় তাদের সেফহোমে পাঠানো হয়েছে।

ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন সদর উপজেলার সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট (ভূমি) পারভেজ মল্লিক।

বুধবার সকাল থেকে দুপুর আড়াইটা পর্যন্ত ফরিদপুর শহরে দুইটি হোটেলে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। হোটেল দুটি হলো রংধনু আবাসিক হোটেল ও হোটেল গুলশান প্যানেল।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, এ ঘটনায় একজন হোটেল ম্যানেজার ৩১ জনকে আটক করা হয়েছে। সাজাপ্রাপ্তদের দুপুরের পর কারাগারে পাঠানো হয়।

পারভেজ মল্লিক জানান, ফরিদপুর শহরের বেশ কয়েকটি আবাসিক হোটেলে প্রতিনিয়ত অসামাজিক কার্যকলাপ চলছে, এমন অভিযোগের প্রেক্ষিতে এ অভিযান পরিচালনা করা হয়।

তিনি আরো জানান, বসবাস উপযোগী সুন্দর, পরিচ্ছন্ন ও মাদকমুক্ত শহর গড়তে জেলা প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে।

তিনি জানান, আটক ৩১ জনের মধ্যে হোটেলের ব্যবস্থাপকসহ ২৯ জনের প্রত্যেককে দণ্ডবিধির ২৯৪ এর ‘ক’ ধারা মোতাবেক ৭ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।