মেলার প্রচ্ছদে বসন্তের আগুন

শাহবাগ থেকে টিএসসি (ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র-শিক্ষক কেন্দ্র) হয়ে মেলা প্রাঙ্গণে প্রবেশ করতেই মনে হলো পুরো সড়ক যেন রঙিন ক্যানভাস। নানা রঙের পোশাক-পরিচ্ছদে সজ্জিত মানুষের সারি এসে মিশেছে বইমেলায়। কেউ সেজেছে বাসন্তী রঙের শাড়িতে, কেউবা পড়েছে হলুদ রঙের পাঞ্জাবি।

ফাল্গুনের প্রথম দিন গতকাল বুধবার বিকেল থেকেই ভিড় বাড়তে থাকে বইমেলায়। এদিন ক্রেতার চেয়ে দর্শনার্থীর সংখ্যায় ছিল বেশি। কেউ সেলফি তুলেন, কেউবা মনের আনন্দে ঘুরে বেড়ান। বসন্তের ফাগুন হাওয়ায় অন্যরূপে মেতেছিল মেলা। বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশন সংস্থার সভাপতি ফরিদ আহমেদ বলেন, ‘বইমেলায় বসন্ত আসে প্রতিদিন। নিত্য-নবরূপে বসন্তের ছোঁয়ায় মাতেন লেখক-পাঠকরা।’

বইমেলার চত্বরের ভেতরেই এক তরুণকে দেখা গেল দোতারা হাতে নিয়ে ঘুরে বেড়াতে। কণ্ঠে তার লালনের গান ‘ধন্য ধন্য বলি তারে’। মেলা প্রাঙ্গণে পরিবারের সবাইকে নিয়ে ঘুরতে এসেছেন মোহাম্মদপুরের এখলাস উদ্দিন। তিনি বলেন, ‘বই কিনি নাই, ছেলে-মেয়ে পাগল অইছে, তাই তাগো নিয়া মেলায় আইছি।’ মেলায় এসেছিলেন কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলন ও আনিসুল হক। এই দুই লেখকের একাধিক বই প্রকাশ হয়েছে এবারের মেলায়। আজ বৃহস্পতিবার ভ্যালেন্টাইন ডে’কে ঘিরেও মেলায় জনসমাগম বাড়বে বলে জানান একাধিক প্রকাশক। ফরিদ আহমেদ বলেন, ‘ভালোবাসা দিবসেও মেলায় লেখক-পাঠকরা আসবেন। এরপর শুক্র ও শনিবার ছুটির দিন আছে। ফলে বসন্তের এই জনসমাগম আরও কয়েক দিন জুড়ে থাকবে।’

লেখক বলছি : বুধবারও লেখক বলছি মঞ্চে প্রকাশিত নতুন বই নিয়ে কথা বলেন পাঁচ লেখক। আলোচনায় অংশ নেন শহীদ ইকবাল, মণিকা চক্রবর্তী, সঞ্জীব পুরোহিত, ফারুক সুমন ও আহম্মেদ শরীফ।

মূল মঞ্চ : বিকাল ৪টায় মেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হয় ‘কবি রফিক আজাদ : শ্রদ্ধাঞ্জলি’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান। প্রবন্ধ উপস্থাপন করেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক বিশ্বজিৎ ঘোষ। আলোচনায় অংশগ্রহণ করেন কবি অসীম সাহা, কবি ফারুক মাহমুদ ও কবি জাফর আহমদ রাশেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কথাসাহিত্যিক রশীদ হায়দার।

নতুন বই ১৭২

বাংলা একাডেমির জনসংযোগ উপবিভাগের তথ্য অনুযায়ী বুধবার মেলায় নতুন বই প্রকাশিত হয়েছে ১৭২টি। এর মধ্যে রয়েছে- গল্পগ্রন্থ ২৬, উপন্যাস ২৭, প্রবন্ধ ১৭, কবিতা ৬৩,  ছড়া ২, শিশুসাহিত্য ৭, জীবনী ৩,  মুক্তিযুদ্ধ ২, নাটক ১, বিজ্ঞান ১, ভ্রমণ ৪, ইতিহাস ২,  চিকিৎসা/স্বাস্থ্য ১,  অনুবাদ ২, অন্যান্য ১৪। প্রকাশিত বইয়ের মধ্যে কথাপ্রকাশ এনেছে রামেন্দু মজুমদারের প্রবন্ধগ্রন্থ ‘বুদ্ধিজীবীর দায় ও অন্যান্য’, প্রত্যয় প্রকাশন এনেছে তপন বাগচীর শিশুতোষ গল্প ‘রূপ কথার নদী’, পুথিনিলয় এনেছে হরিশংকর জলদাসের ‘অনার্য অর্জুন’, জাকির তালুকদারের প্রবন্ধগ্রন্থ ‘গল্পপাঠ’, শুদ্ধ প্রকাশ এনেছে অনুরূপ আইচের ‘প্রেমভাগ্য’ ও মাহতাব হোসেনের গল্পগ্রন্থ ‘রৌদ্র বসন্ত’।