রাজ্যসভায় পেশ না করতে পারায় শেষমেশ বাতিল হয়ে গেল নাগরিকত্ব সংশোধন বিল। ভারতীয় সংসদের শীতকালীন অধিবেশনের শেষ দিনে বিলটি রাজ্যসভায় পেশ করা যায়নি বলে জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।
গত সোমবার বিলটি তালিকাভুক্ত করা হলেও, বিরোধীদের বিরোধিতায় পরদিন মঙ্গলবার রাজ্যসভার অধিবেশন সারা দিনের জন্য মুলতবি করে দেওয়া হয়। ফলে গতকাল বুধবারই ছিল বিলটি পাস করানোর শেষ সুযোগ।
এর আগে বিলটি লোকসভায় পাস করা হয়েছিল। কিন্তু তুমুল বিরোধিতার মুখে রাজ্যসভায় বিলটি উত্থাপন করা যায়নি। এখন বিজেপি সরকারকে এই বিল নিয়ে সামনে এগোতে গেলে নতুন করে তা আনতে হবে এবং সংসদের দুই কক্ষে তা পাস করাতে হবে।
বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তানের অমুসলিম নাগরিকদের ভারতীয় নাগরিকত্ব দিতে বিলটি শাসক দল আনতে চেয়েছিল।
গতকাল বুধবার রাজ্যসভায় মূল আলোচনার বিষয় ছিল রাফায়েল যুদ্ধবিমান ক্রয়-বিক্রয় সংক্রান্ত সরকারি অডিট রিপোর্ট পেশ করা। ভারতের কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেলের (সিএজি) তৈরি করা এই প্রতিবেদন অধিবেশনের শেষ দিনে পেশ হওয়ায় অন্য বিষয় আলোচনার জন্য উত্থাপন করা যায়নি। একই দিনে মুসলমান নারীদের বিয়ের অধিকার প্রতিষ্ঠার উদ্দেশ্যে তিন তালাক বন্ধ করতে প্রস্তাবিত বিলটিও রাজ্যসভায় পেশ করা যায়নি। এই বিলটিও লোকসভায় পাস করানো হয়েছিল। লোকসভার মেয়াদ শেষ হয়ে যাওয়ায় বিলটিও আইনে পরিণত করতে গেলে নতুন সরকারকে তা নতুনভাবে আনতে হবে।
নাগরিকত্ব বিল নিয়ে ভারতের উত্তর-পূর্বাঞ্চলে অনেকদিন ধরেই বিক্ষোভ চলছে। গত মঙ্গলবার উত্তর-পূর্বাঞ্চলীয় বিভিন্ন রাজ্যে বিল-বিরোধী আন্দোলন সহিংস রূপ নেয়।