সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মগবাজার রেলক্রসিং পর্যন্ত অংশটি আগামী বছরের জুলাই মাসে যান চলাচলের জন্য খুলে দেওয়া হবে। গতকাল বুধবার বিমানবন্দর সংলগ্ন কাওলায় প্রকল্পের শুরুর পয়েন্টে কাজের অগ্রগতি দেখতে গিয়ে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
বিমানবন্দর থেকে কুড়িল, বনানী, মহাখালী, তেজগাঁও, মগবাজার, কমলাপুর, সায়েদাবাদ, যাত্রাবাড়ী হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুতুবখালী পর্যন্ত হচ্ছে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে। প্রায় ২০ কিলোমিটার দৈর্ঘ্যরে এ প্রকল্পে ব্যয় ধরা হয়েছে ৮ হাজার ৯৪০ কোটি ১৮ লাখ টাকা।
ওবায়দুল কাদের বলেন, এ বছরের জুন মাসের মধ্যেই প্রকল্পের প্রথম ধাপে শাহজালাল বিমানবন্দর থেকে বনানী রেলস্টেশন পর্যন্ত কাজ সম্পন্ন হবে। দ্বিতীয় ধাপ বনানী রেলস্টেশন থেকে মগবাজার রেলক্রসিং পর্যন্ত আগামী বছরের জুলাই মাসে ও তৃতীয় বা শেষ ধাপ মগবাজার রেলক্রসিং থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুতুবখালী পর্যন্ত ২০২১ সালের সেপ্টেম্বর মাসে সম্পন্ন হবে। এ পর্যন্ত প্রথম ধাপের কাজের অগ্রগতি শতকরা ৫০ ভাগ ও প্রকল্পের সার্বিক অগ্রগতি শতকরা ২০ ভাগ।
তিনি জানান, দ্বিতীয় ধাপের কাজ শেষ হলে এলিভেটেড এক্সপ্রেসওয়ের আংশিক বিমানবন্দর থেকে মগবাজার রেলক্রসিং পর্যন্ত যান চলাচলের জন্য উন্মুক্ত করা হবে। সেতুমন্ত্রী আরও জানান, ১৩০৪টি পাইল, ২৮০টি পাইল ক্যাপ, ৬২টি ক্রসবিম, কলাম ১৬৩টি (সম্পূর্ণ) ও ৮৪টি (আংশিক) এবং ১৮৬টি আইগার্ডার নির্মাণ শেষ হয়েছে। এ ছাড়াও শেষ হয়েছে দুটি স্প্যান আইগার্ডার স্থাপনের কাজ।