খাদ্য প্রক্রিয়াজাতকরণ শিল্পে সহায়তায় আগ্রহী জাপান

জাপানের রাষ্ট্রদূত এইচ ই মি হিরোয়াসু ইজুমি বলেছেন, বাংলাদেশে কৃষিপণ্য বাজারজাতকরণ ও খাদ্য প্রক্রিয়াজাত করতে আগ্রহী জাপান। এছাড়া অবকাঠামো উন্নয়নে সহযোগিতা করতে চায় জাপান। অতীতের মত বাংলাদেশের সকল ক্ষেত্রে দেশটির সহযোগিতা অব্যাহত থাকবে।কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাকের সঙ্গে সচিবালয় তার কার্যালয়ে বৈঠককালে গতকাল বৃহস্পতিবার জাপানের রাষ্ট্রদূত এসব কথা বলেন।তিনি বলেন, স্বাধীনতার পর থেকেই বাংলাদেশের অবকাঠামো উন্নয়নে পাশে থাকা জাপান এবার কৃষি উন্নয়নেও কাজ করতে চায়। বাংলাদেশে কৃষি, খাদ্য প্রক্রিয়াকরণ, কৃষিপণ্যের মূল্যসংযোজন ও সেচ এবং অবকাঠামো উন্নয়নে জাপানি সহযোগিতা অব্যাহত রাখবে জাপান।কৃষিমন্ত্রী বলেন, জাপান শুধু বাংলাদেশের উন্নয়নের গুরুত্বপূর্ণ অংশীদারই নয় বরং আন্তর্জাতিক পরিমন্ডলে দুই দেশ পরস্পরকে সহযোগিতা দিয়ে আসছে।

তিনি আরও বলেন, ‘আমাদের পোলট্রি শিল্প এখন ঘুরে দাঁড়িয়েছে। আন্তর্জাতিক বাজারে প্রবেশেও সমস্যা রয়েছে। দুধ, সবজি ও ফল উৎপাদন ভালো হলেও সংরক্ষণ ও প্রক্রিয়াজাত ব্যবস্থা না থাকায় স্থানীয় বাজারের মূল্য পাচ্ছি না। পাশাপাশি আন্তর্জাতিক বাজারে প্রবেশও সহজ হচ্ছে না। ভুট্টা সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণ ব্যবস্থা না থাকায় উৎপাদন ভালো হলেও পোলট্রিশিল্পের জন্য আমদানি করতে হয়। এ ক্ষেত্রে জাপানের সহযোগিতা চাই। জাপান সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছে।’এ সময় রাষ্ট্রদূতের সঙ্গে ছিলেন দূতাবাসের তৃতীয় সচিব আনরি ইউনো, জাইকার জ্যেষ্ঠ প্রতিনিধি ইয়াসুহিরো কাওয়াজো, জাইকার প্রোগ্রাম অ্যাডভাইজার ইউচি কাটসুরি ও জাইকার উপকর্মসূচি উপদেষ্টা মো. মেহেদি হাসান।

গতকাল বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির সঙ্গেও বৈঠক করেন জাপানের রাষ্ট্রদূত। বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে জাপানের প্রতি আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী।

তিনি বৈঠকে বলেন, জাপানের সঙ্গে বাংলাদেশের বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্ক দীর্ঘদিনের। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত দেশের বিভিন্ন অঞ্চলে ১০০ বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলা হচ্ছে। নারায়ণগঞ্জের আড়াই হাজার ও চট্টগ্রামের মিরসরাই উপজেলায় দুটি বিশেষ অর্থনৈতিক অঞ্চলে জাপান বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। এ জন্য জাপানের প্রতি কৃতজ্ঞতা জানান মন্ত্রী।ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের সঙ্গে বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্ক বাড়াতে আগ্রহী জাপান। বাংলাদেশ সব ক্ষেত্রে দ্রুত এগিয়ে যাচ্ছে। জাপান বাংলাদেশে বিনিয়োগ বাড়াবে। বাণিজ্যের জন্য বাংলাদেশ বেশ ভালো। জাপান বাংলাদেশে অনেক গাড়ি রপ্তানি করে। বৈঠককালে বাণিজ্য মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।