ট্যানারি উদ্যোক্তাদের ব্যবসার স্বার্থে সাভার চামড়া শিল্পনগরীর সমস্যাগুলো চিহ্নিত করে দ্রুত সমাধান করা হবে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন।গতকাল বৃহস্পতিবার সাভারে অবস্থিত ঢাকা চামড়া শিল্পনগরী প্রকল্প সরেজমিনে পরিদর্শন শেষে প্রকল্প সংশ্লিষ্টদের সঙ্গে আয়োজিত পর্যালোচনা সভায় শিল্পমন্ত্রী এ কথা বলেন। শিল্পনগরীর কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। তিনি বলেন, বর্তমান সরকার ব্যবসাবান্ধব সরকার। ব্যবসায়ীরা ব্যবসা করবেন, সরকার তাদের সহায়তা দেবে। তিনি চলতি বছর জুনের মধ্যে চুক্তি অনুযায়ী চামড়া শিল্পনগরীর বাকি কাজ সমাপ্ত করতে প্রকল্প সংশ্লিষ্টদের নির্দেশনা দেন।
সভায় প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান এমপি, শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার এমপি, শিল্প মন্ত্রণালয়ের রুটিন দায়িত্বপ্রাপ্ত সচিব বেগম পরাগ, চামড়াশিল্প উদ্যোক্তা মনজুরে এলাহী, মহিলা শিল্প উদ্যোক্তা নিহাত কবিরসহ বিসিক ও চামড়াশিল্প সংশ্লিষ্ট সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভায় চামড়া শিল্পনগরীর উন্নয়ন কাজের বর্তমান অবস্থা বিস্তারিত মূল্যায়ন করা হয়। এ সময় পরিবেশ ও কমপ্লায়েন্স ইস্যুতে শিল্পনগরীর মান ও সক্ষমতা নিয়ে আলোচনা হয়। সভায় জানানো হয়, পরিবেশ অধিদপ্তর ও চামড়াশিল্পের আন্তর্জাতিক মান অনুযায়ী এ প্রকল্পের ডকুমেন্টস্ তৈরি করা হয়েছে। এতে কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার (সিইটিপি) নির্মাণের ফলে আন্তর্জাতিকমানের বর্জ্য ব্যবস্থাপনার ব্যবস্থা হয়েছে। এরপরও পরিবর্তিত প্রেক্ষাপটে বিশ্বমানের চামড়া ও চামড়াজাত পণ্য উৎপাদনের লক্ষ্যে একটি আন্তর্জাতিক নিরীক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে চামড়া শিল্পনগরীর সার্বিক মান ও অবস্থা মূল্যায়নের সিদ্ধান্ত নেওয়া হয়।
শিল্প প্রতিমন্ত্রী বলেন, উন্নয়নের জন্য পারস্পরিক দোষারোপের সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে। সরকারের ইশতেহারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরই মধ্যে উন্নয়নের লক্ষ্য ঠিক করে দিয়েছেন। কোনো ধরনের কালক্ষেপণ না করে এ লক্ষ্য বাস্তবায়নে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। চামড়া শিল্পনগরীর অবশিষ্ট কাজ শেষ করতে শিল্প মন্ত্রণালয় দ্রুত ব্যবস্থা নেবে বলে তিনি অংশীজনদের আশ্বস্ত করেন। এর আগে শিল্পমন্ত্রী, প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা এবং শিল্প প্রতিমন্ত্রী চামড়া শিল্পনগরীতে স্থাপিত কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার পরিদর্শন করেন।