ঠাকুরগাঁওয়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের গুলিতে তিনজন নিহতের ঘটনায় ‘তদন্ত হচ্ছে’ বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। গতকাল বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে কোস্টগার্ড সদর দপ্তরে বাহিনীর ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ কথা জানান।স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘কেউ আইনের ঊর্ধ্বে নয়। দোষী যেই হোক, তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’ গত মঙ্গলবার গরু জব্দ করাকে কেন্দ্র করে ঠাকুরগাঁওয়ের বকুয়া ইউনিয়নের বহরমপুর গ্রামে বিজিবি ও গ্রামবাসীর সংঘর্ষে পথচারীসহ তিনজন নিহত ও প্রায় ২০ জন আহত হয়।
এদিকে ঠাকুরগাঁও প্রতিনিধি জানান, বিজিবির গুলিতে তিনজন নিহতের ঘটনার প্রতিবাদ ও দায়ীদের শাস্তি দাবিতে গতকাল দুপুরে শহরের চৌরাস্তায় মানববন্ধন হয়েছে। সচেতন নাগরিকের ব্যানারে আয়োজিত ঘণ্টাব্যাপী মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তারা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের আইনের আওতায় আনার দাবি জানান। এছাড়া নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ ও আহতদের সুচিকিৎসার দাবি জানানো হয়।
মানববন্ধনে ছাত্র, শিক্ষক, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। বক্তব্য দেন সচেতন নাগরিক সমাজের সংগঠক মাহমুদুর রহমান প্রিন্স, মাসুদ আহমেদ সুবর্ণ, জেলা প্রেস ক্লাবের সভাপতি মনসুর আলী, উদীচী শিল্পীগোষ্ঠীর সাংগঠনিক সম্পাদক এম এস রাজু, অ্যাডভোকেট সায়েম প্রমুখ।
একই দাবিতে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) ঠাকুরগাঁও জেলা সমিতি ক্যাম্পাসে মানববন্ধন করেছে। বেরোবি প্রতিনিধি জানান, দুপুরে বিশ্ববিদ্যালয়ের দুই নম্বর গেটে মানববন্ধন হয়। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ছাত্রছাত্রীরা একাত্মতা পোষণ করে অংশ নেন।