একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ‘ব্যাপক কারচুপি ও অনিয়মের’ অভিযোগ এনে এর বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে নির্বাচনী ট্রাইব্যুনালে মামলা করেছেন বিএনপিপ্রধান জাতীয় ঐক্যফ্রন্টের ৭৪ প্রার্থী। নির্বাচনী মামলার দেখভালে বিএনপির আইনজীবী প্যানেলের সদস্য ও ঢাকা বিভাগীয় প্রার্থীদের আইনজীবী রুহুল কুদ্দুস কাজল গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় দেশ রূপান্তরকে এ তথ্য জানান। তিনি জানান, গত বুধবার পর্যন্ত বিএনপি ও ঐক্যফ্রন্টের ২৫ জন ট্রাইব্যুনালে মামলা করেছিলেন। আর আজ (গতকাল) মামলা করেছেন আরও ৪৯ জন।
তিনি আরও বলেন, ‘পর্যায়ক্রমে আমাদের আইনজীবীদের মাধ্যমে মামলা করছেন ওই নির্বাচনে ঐক্যফ্রন্টের প্রার্থীরা। আরও অনেকেই মামলা করবেন।’ আগামী সপ্তাহেই এ বিষয়ে শুনানি শুরু হবে বলেও আশা প্রকাশ করেন এ আইনজীবী।
বিএনপির আইনজীবীদের তথ্য অনুযায়ী, গত বুধবার নির্বাচনী টাইব্যুনালে মামলা করেন বরিশাল-১ আসনের জহির উদ্দিন স্বপন, গাজীপুর-৪ আসনের শাহ রিয়াজুল হান্নান, মৌলভীবাজার-৩ আসনের নাসের রহমান, মুন্সীগঞ্জ-৩ আসনের আবদুল হাই এবং ভোলা-২ আসনের হাফিজ ইব্রাহিম। গত মঙ্গলবার মামলা করেন ঝিনাইদহ-৪ আসনের সাইফুল ইসলাম ফিরোজ ও টাঙ্গাইল-৭ আসনের আবুল কালাম আজাদ সিদ্দিকী। আর ঐক্যফ্রন্টের প্রার্থী গণফোরামের নির্বাহী সভাপতি সুব্রত চৌধুরী কয়েকদিন আগেই মামলা করেছেন।
গতকাল পর্যন্ত নির্বাচনী ট্রাইব্যুনালে যারা মামলা করেছেন তাদের বেশ কয়েকজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তারা হলেনÑমানিকগঞ্জ-২ আসনের মইনুল ইসলাম খান শান্ত, ঢাকা-৫ আসনের নবীউল্লাহ নবী, নারায়ণগঞ্জ-২ আসনের নজরুল ইসলাম আজাদ, ঢাকা-২ আসনের ইরফান ইবনে আমান অমি, নরসিংদী-৫ আসনের ইঞ্জিনিয়ার আশরাফউদ্দিন, মানিকগঞ্জ-৩ আসনের মফিজুল ইসলাম খান কামাল, কুড়িগ্রাম-২ আসনের আমসা আমিন, চট্টগ্রাম-১৫ আসনের আবদুল মোমেন চৌধুরী, বরিশাল-৩ আসনের জয়নাল আবেদীন, সিরাজগঞ্জ-২ আসনের রুমানা মাহমুদ, পিরোজপুর-৩ আসনের রুহুল আমিন দুলাল, ঢাকা-১৯ আসনের দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন, ভোলা-৩ আসনের হাফিজ উদ্দিন আহাম্মদী প্রিন্স, কুড়িগ্রাম-৩ আসনের তাজরিনা ইসলাম, ঢাকা-৭ আসনের মোস্তফা মহসিন মন্টু, লালমনিরহাট-১ আসনের হাসান রাজিব, কুড়িগ্রাম-৩ আসনের তাসবিরুল ইসলাম, দিনাজপুর-৪ আসনের আখতারুজ্জামান মিয়া, রংপুর-৬ আসনের শহীদুল ইসলাম, গাইবান্ধা-৫ আসনের ফারুক আলম সরকার এবং দিনাজপুর-২ আসনের মো. সাদিক রিয়াজ।