দুতার্তের সমালোচক সাংবাদিক মারিয়া রেসা জামিনে মুক্ত

ফিলিপাইনের সম্মাননা পাওয়া সাংবাদিক মারিয়া রেসা জামিনে মুক্তি পেয়েছেন। গত বুধবার গ্রেপ্তারের পর গতকাল বৃহস্পতিবার তিনি মুক্ত হন বলে আলজাজিরার খবরে জানানো হয়েছে।রেসার নিউজ পোর্টালে বিভিন্ন সময়ে ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তের সমালোচনা করা হয়। এর জেরে তাকে গ্রেপ্তার করা হয় বলে অভিযোগ পাওয়া গেছে। এ গ্রেপ্তারের নিন্দা জানিয়ে বিবৃতি দেয় আন্তর্জাতিক বিভিন্ন সংগঠন।

র‌্যাপলার নামের সংবাদমাধ্যমের ৫৫ বছর বয়সী সম্পাদককে গত বুধবার গভীর রাতে অনলাইনে কুৎসা ছড়ানোর অভিযোগে গ্রেপ্তার করা হয়। এরপর তাকে জাতীয় তদন্ত ব্যুরোর একটি কক্ষে রাখা হয়। তিনি যে অভিযোগে গ্রেপ্তার হয়েছেন, তাতে সর্বোচ্চ ১২ বছরের সাজার সুযোগ রয়েছে। রেসা ও তার পোর্টালকে প্রেসিডেন্ট দুতার্তের প্রশাসনের কর্মকাণ্ড নিয়ে বরাবরই সোচ্চার দেখা গেছে। বিশেষত ফিলিপাইনি প্রেসিডেন্টের মাদকবিরোধী যুদ্ধে শত শত মানুষের প্রাণহানির বিষয়টি ফলাও করে প্রচার করে সংবাদমাধ্যমটি। এ কারণে এ সাংবাদিক ও তার প্রতিষ্ঠানটিকে ভুক্তভোগীও হতে হয়েছে। এর আগে তাদের বিরুদ্ধে কর ফাঁকির অভিযোগ আনা হয়।গতকাল মুক্ত হওয়ার পর আবেগাপ্লুত রেসা সাংবাদিকদের বলেন, ‘এখানে দুটি বিষয় কাজ করেছে; ক্ষমতার অপব্যবহার ও আইনকে অস্ত্র বানানো।’