সংসদে খালিদ মাহমুদ

উচ্ছেদ অভিযান থেকে পিছপার সুযোগ নেই

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, নদী তীরে দখলদারি উচ্ছেদে যে অভিযান শুরু হয়েছে তা থেকে পিছপার সুযোগ নেই। সরকারের চেয়ে কোনো ব্যক্তি শক্তিশালী হতে পারে না। গতকাল বৃহস্পতিবার জাতীয় সংসদে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। জাতীয় পার্টির এমপি পীর ফজলুর রহমান চলমান উচ্ছেদ অভিযানকে স্বাগত জানিয়ে প্রতিমন্ত্রীর কাছে জানতে চান এই বিশাল কর্মযজ্ঞ অব্যাহত রাখতে পারবেন কি না? এতে কোনো প্রতিবন্ধকতা আছে কি না? জবাবে খালিদ মাহমুদ বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশকে এগিয়ে নেওয়ার যে পদক্ষেপ আমরা গ্রহণ করেছি, সেখান থেকে পিছপার সুযোগ নেই। আমাদের কাজ অব্যাহত থাকবে।’

বুড়িগঙ্গার তীর উদ্ধারে আদালতের আদেশে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্র্তৃপক্ষের অভিযানে (বিআইডব্লিউটিএ) গত কয়েকদিনে কয়েকশ অবৈধ স্থাপনা উচ্ছেদ হয়েছে। এ অভিযানে আওয়ামী লীগের এমপি হাজী মোহাম্মদ সেলিমের নিজের এবং দুর্নীতি দমন কমিশনের আইনজীবী মোশাররফ হোসেন কাজলের শ্বশুরের বাড়িও ভাঙা পড়ে। প্রতিমন্ত্রী খালিদ বলেন, ‘২০১৬ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা একনেক বৈঠকে ঢাকার চারপাশের নদী ও চট্টগ্রামের কর্ণফুলী নদীর দূষণ বন্ধ ও নাব্য ফিরিয়ে এনে নদী রক্ষায় টাস্কফোর্স গঠন করেন। এর ধারাবাহিকতায় উচ্ছেদ কার্যক্রম চলছে।’