কক্সবাজারে পৃথক অভিযানে মালয়েশিয়াগামী ৪৩ রোহিঙ্গা নারী-পুরুষকে উদ্ধার করেছে র্যাব ও পুলিশ। এ সময় আটক করা হয় দুই পাচারকারীকে। বুধবার রাত ও গতকাল বৃহস্পতিবার ভোরে এই অভিযান চালানো হয়।
শহরের বাজারঘাটা থেকে বৃহস্পতিবার ভোরে ১২ রোহিঙ্গাকে উদ্ধার ও দুই পাচারকারীকে আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন নুরুল ইসলাম (বাংলাদেশি) ও নিজাম উদ্দিন (রোহিঙ্গা)। বুধবার দিবাগত রাতে মহেশখালীর সোনাদিয়া থেকে ৩১ রোহিঙ্গাকে উদ্ধার করা হয়। এসব রোহিঙ্গা উখিয়া-টেকনাফের বিভিন্ন আশ্রয়শিবির থেকে গিয়েছেন। র্যাব-৭ কক্সবাজার ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মেহেদী হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব সদস্যরা জানতে পারেন যে, সাগরপথে মালয়েশিয়ায় পাড়ি জমাতে কিছু রোহিঙ্গা শহরের বাজারঘাটায় একটি হোটেলে অবস্থান নিয়েছে। এরই পরিপ্রেক্ষিতে ওই হোটেলে অভিযান চালিয়ে এদের উদ্ধার করা হয়। এ সময় দুই দালালকে আটক করে কক্সবাজার মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
এদিকে মহেশখালী থানার ওসি প্রবাস চন্দ্র ধর জানান, বেশ কিছু রোহিঙ্গা দালালের মাধ্যমে ট্রলারে করে সাগরপথে মালয়েশিয়া পাড়ি জমানোর সংবাদ পেয়ে উপজেলার সোনাদিয়া দ্বীপের মগচর এলাকায় অভিযান চালিয়ে ৩১ রোহিঙ্গাকে উদ্ধার করা হয়েছে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা জানান, আইনি প্রক্রিয়া শেষে রোহিঙ্গাদের সংশ্লিষ্ট আশ্রয়শিবিরে ফেরত পাঠানো হবে। আটক পাচারকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।