বেনাপোল ট্র্যাজেডির পঞ্চম বার্ষিকী ছিল গতকাল শুক্রবার। ২০১৪ সালের ১৫ ফেব্রুয়ারি শিক্ষা সফরে গিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত হয় বেনাপোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নয় শিশু। আহত হয় ৪৭ জন। শোকের এই দিনে গতকাল বেনাপোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নেওয়া হয় নানা কর্মসূচি।সকালে বেনাপোলের সকল শিক্ষাপ্রতিষ্ঠানে কালো পতাকা উত্তোলনসহ শোকর্যালি ও দোয়া অনুষ্ঠান হয়। র্যালিটি বেনাপোল সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে বের হয়ে বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে। শোকর্যালি ও দোয়া অনুষ্ঠানে বেনাপোলের সকল স্কুল-কলেজের শিক্ষার্থীরা অংশ নেয়।র্যালি শেষে নিহতদের স্মরণে নির্মিত স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়। শোকর্যালির নেতৃত্ব দেন যশোর-১ আসনের সংসদ সদস্য আলহাজ শেখ আফিল উদ্দিন। শোকসভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান, ১১ জন ইউপি চেয়ারম্যান, শিক্ষক এবং নিহতদের অভিভাবকরা।