ঘরের জিনিস পরিষ্কারে যে ভুলটি করবেন না

অনেক সময় বাড়িঘর বা আসবাবপত্র পরিষ্কার করার ক্ষেত্রে অনেকে সাধারণ কিছু ভুল করে থাকেন। এতে ময়লা পরিষ্কারের পরিবর্তে গুরুত্বপূর্ণ জিনিসগুলো আরও নোংরা হয়ে পড়ে। ভুলগুলো শুধরে নিয়ে যেভাবে সঠিকভাবে ঘর পরিষ্কার করবেন

একই ন্যাকড়ায় সব জিনিস পরিষ্কার : অনেকে ঘরের বিভিন্ন ধরনের জিনিস এবং জায়গা পরিষ্কারের ক্ষেত্রে একই ন্যাকড়া বা কাপড়ের টুকরা ব্যবহার করে থাকেন। প্রথমে যে জিনিস বা জায়গা পরিষ্কার করা হয়, সেখানকার ময়লা পরেরটাতে ছড়িয়ে পড়ে। প্রতিটি রুমের জিনিস পরিষ্কারের জন্য আলাদা ন্যাকড়া ব্যবহার করুন।

পালকের ঝাড়– ব্যবহার : পালকের ঝাড়– ময়লা আঁকড়ে রাখতে পারে না। এটা দিয়ে কোনো আসবাবপত্রের পরিষ্কার করার সময় ময়লা নিচের দিকে বা চারদিকে ছড়িয়ে পড়ে। ঘরের আসবাবপত্রের উপরিভাগের ময়লা সঠিকভাবে পরিষ্কারের জন্য মাইক্রোফাইবার পরিষ্কারক কাপড় বা পেপার টাওয়াল ব্যবহার করতে পারেন।

ভেক্যুয়াম পরিষ্কার না করা : ঘরের ময়লা পরিষ্কারের জন্য ভেক্যুয়াম ক্লিনার ব্যবহার করছেন। কিন্তু ময়লা ভেক্যুয়ামটাও মাঝেমধ্যে পরিষ্কার করতে হয়, সে খেয়াল অনেকেই রাখেন না। ভেক্যুয়ামের ফিল্টার পরিষ্কার বা পরিবর্তন করতে হবে। নয়তো মেশিনটি বেশি ময়লা টানতে পারবে না বা বাতাসের সঙ্গে ময়লা ফিরে আসতে পারে। এতে কার্পেট পরিষ্কারের বদলে আরও ময়লা হয়।

টয়লেট ব্রাশ : টয়লেট পরিষ্কারের পর অনেকে ব্রাশ ভেজা অবস্থায় ঢেকে রেখে দেন। টয়লেটের জীবাণু ব্রাশে জমে থাকে। পরে ব্রাশটি ব্যবহারের সময় টয়লেটে জীবাণু ফিরে আসে। ব্রাশটি ব্যবহারের পর পুরোপুরি না শুকানো পর্যন্ত ঢাকনা লাগিয়ে দেবেন না।

মেঝে পরিষ্কার : মেঝে ঝাড়– দেওয়া, মোছা বা ভেক্যুয়াম দিয়ে পরিষ্কার করার আগে অবশ্যই আসবাবপত্র, ধুলাবালু ও টেবিল পরিষ্কার করে নিতে হবে। অন্যথায় এগুলো পরিষ্কারের পর আবার মেঝে পরিষ্কার করতে হবে।

সরাসরি স্প্রে করা : আসবাবপত্র বা গ্লাসের জিনিসে সরাসরি স্প্রে ব্যবহার করে পরিষ্কার করলে ময়লা আটকে থাকতে পারে। মাইক্রোফাইবার কাপড়ে বা পেপার টাওয়ালে স্প্রে করার পর সেটি দিয়ে কাচ বা আসবাবপত্র মুছতে হবে।