মিয়ানমার থেকে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের জন্য ৯২ কোটি মার্কিন ডলার সহায়তা চেয়েছে জাতিসংঘ। চলতি বছরের খরচ হিসেবে এ সহায়তা চাওয়া হয়েছে। গতকাল শুক্রবার জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা (ইউএনএইচসিআর) ও
আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) এ বিষয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার জাতিসংঘের বিভিন্ন এজেন্সি ও এনজিও সহযোগীরা রোহিঙ্গাদের জন্য যৌথ রেসপন্স প্ল্যান ঘোষণা করে। নতুন পরিকল্পনায় জাতিসংঘ সংস্থাগুলোসহ মোট ১৩২টি সংস্থা কাজ করবে। গত বছর জাতিসংঘের পক্ষ থেকে ৯৫ কোটি ডলার সহায়তা চাওয়া হয়। তবে পাওয়া গিয়েছিল সাড়ে ৬৫ কোটি ডলার। এতে আরও বলা হয়, চলতি বছরের সহায়তার অর্ধেকের বেশি খাদ্য, পানি, পয়োনিষ্কাশন, বাসস্থানের জন্য বরাদ্দ করা হবে। বাকি অর্থ স্বাস্থ্য, ক্যাম্প ব্যবস্থাপনা ইত্যাদি খাতে ব্যয় হবে। মিয়ানমারের সেনাবাহিনীর হত্যাযজ্ঞের মুখে ২০১৭ সালে ৭ লাখের বেশি রোহিঙ্গা মুসলিম বাংলাদেশে আশ্রয় নেয়। আর আগে থেকেই বিভিন্ন সময়ে পালিয়ে আসা ২ লাখেরও বেশি রোহিঙ্গা বাংলাদেশে অবস্থান করছে।