ফরিদপুরের বোয়ালমারী পৌর শহরের ছোলনা সালামিয়া এতিমখানার ৬ লাখ টাকা অনিয়মের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িতের অভিযোগে এতিমখানার শিক্ষক ও সম্পাদক হাফেজ মো. হাসমত আলীকে বরখাস্ত করা হয়েছে।
গত ১১ ফেব্রুয়ারি এতিমখানার কার্যকরী পরিষদের জরুরি সভায় এ সিদ্ধান্ত নিয়ে হাফেজ হাসমত আলীকে বরখাস্তের চিঠি দেন এতিমখানার সভাপতি শাহ্ সাইয়েদ মুরাদুল্লাহ আহমাদ।
চিঠিতে উল্লেখ করা হয়, আপনি (শিক্ষক হাসমত আলী) এতিমখানার শিক্ষক এবং সম্পাদক পদে দায়িত্ব পালনকালে এতিমখানার ৬ লাখ টাকা অনিয়ম করেছেন। অভিযোগের প্রেক্ষিতে বিষয়টি বোয়ালমারী উপজেলা সমাজসেবা অফিসার গতবছরের ২৫ নভেম্বর সরেজমিন তদন্ত করে ৬ লাখ টাকা হাফেজ হাসমত আলীর কাছে হস্তমজুদ পায়।
এছাড়া তিনি এতিমখানার দান ও অনুদানের টাকা নিজেই তুলে ভোগ করেন বলে বরখাস্তকৃত চিঠিতে উল্লেখ করা হয়।
এ ব্যাপারে শিক্ষক হাফেজ মো. হাসমত আলীর মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলে ফোন বন্ধ পাওয়া যায়।
এতিমখানার অর্থ আত্মসাতের প্রসঙ্গে বোয়ালমারীর সমাজসেবা কর্মকর্তা প্রকাশ কুমার বিশ্বাস বলেন, অর্থ আত্মসাতের অভিযোগে ফরিদপুর সমাজসেবা অফিসের তদন্তভার আমার উপর দেওয়া হয়।
তিনি বলেন, তদন্তের সময় ওই মাদ্রাসার শিক্ষক হাফেজ মো. হাসমত আলী এতিমখানার অর্থ আত্মসাতের কথা স্বীকার করেছে। তদন্ত রিপোর্ট আমি সংশ্লিষ্ট অফিসে জমা দিয়েছি।