ব্যারিস্টার রাজ্জাক যেন সবার প্রিয় না হয় : মিজানুর

জামায়াতে ইসলামীর নেতা ব্যারিস্টার আব্দুর রাজ্জাক পদত্যাগ করে ‘সবার প্রিয় হয়ে যেতে পারেন’ বলে আশঙ্কা প্রকাশ করেছেন জাতীয় মানবাধিকার কমিশনের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান। গতকাল শনিবার জাতীয় প্রেস ক্লাবে জহুর হোসেন চৌধুরী হলে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ আয়োজিত সুরঞ্জিত সেনগুপ্ত ও বিচারপতি দেবেশ চন্দ্র ভট্টাচার্যের স্মরণসভায় তিনি এ কথা বলেন।ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইনের সাবেক অধ্যাপক বলেন, ‘আমি আশঙ্কায় আছি, তিনি আবার যেন সবার প্রিয় হয়ে না যান। তাদের দল না থাকতে পারে, কিন্তু তাদের রাজনৈতিক দর্শন তো আর শেষ হয়ে যাচ্ছে না। ব্যারিস্টার রাজ্জাক জামায়াতকে জাতির কাছে মাফ চাইতে বলছেন। কিন্তু তাই বলে তাদের নীতি-আদর্শ চলে যাবে না।’

 একাত্তরে স্বাধীনতাবিরোধী ভূমিকার জন্য জামায়াতে ইসলামীর ‘ক্ষমা না চাওয়ার কারণ’ দেখিয়ে গত শুক্রবার দলটির সহকারী সেক্রেটারি জেনারেলের পদ ছাড়েন ব্যারিস্টার আব্দুর রাজ্জাক।

সভায় সুরঞ্জিত সেনগুপ্তের কথা স্মরণ করে মিজান বলেন, দেশের সব ক্ষেত্রে আমলাতান্ত্রিক জটিলতা বিরাজ করছে। ২০১০ সালে তাকে মানবাধিকার কমিশনের চেয়ারম্যান করার সময় তিনি ফোন করে বলেছিলেন, মিজান তোমার জন্য অনেক যুদ্ধ করতে হয়েছে। তোমাকে আমলারা চেয়ারম্যান হতে দিতে চায়নি।

বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মানিত ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, ‘প্রয়াত সুরঞ্জিত সেনগুপ্ত ও দেবেশ চন্দ্র ভট্টাচার্য সামাজিক দায়বদ্ধতা থেকে প্রগতিশীল চিন্তার ধারক ছিলেন। কিন্তু আমরা চেতনাগতভাবে এখনো পূর্ণ হতে পারিনি। আমরা একাত্তরের চেতনার কথা বলি, কিন্তু এখনো বিরোধীদের কি শক্তি কমেছে?’