জার্মান সংবাদমাধ্যম ডয়েচে ভেলেকে দেওয়া সাক্ষাৎকারে আর প্রধানমন্ত্রী না হওয়ার ইঙ্গিত দিয়েছিলেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এর পরিপ্রেক্ষিতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, শেখ হাসিনার কোনো বিকল্প এখনো তৈরি হয়নি দলে। গতকাল শনিবার রাজধানীর ধানম-িতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। ডয়েচে ভেলের প্রধান সম্পাদক ইনেস পোল ও এশিয়া বিভাগের প্রধান দেবারতি গুহের কাছে সাক্ষাৎকারটি দেন প্রধানমন্ত্রী। গত বৃহস্পতিবার রাতে এটি প্রকাশিত হয়। এতে তিনি বলেন, ‘এটা আমার তৃতীয় মেয়াদ। এর আগেও প্রধানমন্ত্রী হয়েছি (১৯৯৬-২০০১)। সব মিলিয়ে চতুর্থবার। আমি আর চাই না। একটা সময়ে এসে সবারই বিরতি নেওয়া উচিত বলে আমি মনে করি, যাতে তরুণ প্রজন্মের জন্য জায়গা করে দেওয়া যায়।’
প্রধানমন্ত্রীর ইচ্ছার বিষয়ে জানতে চাইলে ওবায়দুল কাদের সাংবাদিকদের বলেন, “তিনি এর আগেও বিদায় নিতে চেয়েছিলেন। কিন্তু আমাদের দলের নেতাকর্মীদের চাপের মুখে তিনি ঘোষণা দিয়েও সরে যেতে পারেননি। আসলে তিনি অনেক দিন ধরেই বলছিলেন, ‘আর কত? আমি তো অনেকদিন দায়িত্ব পালন করলাম।’ কিন্তু যেটা বাস্তবতা, সেটা হচ্ছে যে, এখনো শেখ হাসিনার কোনো বিকল্প আমাদের পার্টিতে নেই। তার কোনো বিকল্প সমসাময়িক রাজনীতিতে নেই।”
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘গত ৪৩ বছরে বাংলাদেশের দক্ষতা, যোগ্যতা, সততায় শেখ হাসিনাকে কেউ অতিক্রম করতে পারেনি। শুধু দলে নয়, বাংলাদেশের সমসাময়িক রাজনীতিতে তার কোনো বিকল্প নেই। এই টার্মটা পাঁচ বছরের। পাঁচ বছর পর তিনি যদি শারীরিকভাবে সুস্থ এবং সবল থাকেন, আমার মনে হয় না তার বিকল্প চিন্তার দরকার আছে। ওই সময় তার ৭৭ বছর হবে।’ তিনি বলেন, ‘৭৭ বছরে অনেকেরই অনেক এবিলিটি থাকে। মালয়েশিয়ার মাহাথির মোহাম্মদ ৯৩ বছর বয়সে প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়েছেন। কাজেই পাঁচ বছর পরে শেখ হাসিনা রাষ্ট্র পরিচালনায় অক্ষম, অসমর্থ হবেনÑ এটা আমরা এই মুহূর্তে ভাবতে পারি না। আর তিনি ছাড়তে চাইলেও সময়, পরিস্থিতি তাকে ছাড়বে কি না, নেতাকর্মীরা তাকে ছাড়বে কি না, সেটাও তো আমাদের চিন্তা করতে হবে।’
ভারতের জম্মু-কাশ্মীরে সন্ত্রাসী হামলার বিষয়ে ওবায়দুল কাদের বলেন, ‘তাদের এই একটি ঘটনায় সকল রাজনৈতিক দল, ১৩০ কোটি মানুষ এক ভয়েসে কথা বলছেন। এখন তারা অল পার্টি মিটিং করছেন। জাতীয় ইস্যুতে সবাই একসঙ্গে বসে যাওয়া, প্রধানমন্ত্রীর সঙ্গে রাহুল গান্ধী শ্রদ্ধা নিবেদন করেছেন, গণমাধ্যমের খবর অনুযায়ী। আমি শুধু ভাবছিলাম, আমাদের মধ্যে নেই কেন এই স্পিরিট এবং ইমোশনটা আমাদের মধ্যে নেই কেন?’