চট্টগ্রামের আনোয়ারায় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও পানিসম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম বলেছেন, ভাঙন কবলিত এলাকা নিয়ে সরকারের মহাপরিকল্পনা আছে। আগামী বর্ষার আগে আমরা এসব এলাকা পরিদর্শন করে সংস্কারের উদ্যোগ নেব।
রবিবার দুপুরে উপজেলার রায়পুর ইউনিয়নের পরুয়াপাড়া ও বাইন্যার দিঘি এলাকায় বেড়িবাঁধ নির্মাণকাজ পরিদর্শনকালে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
মন্ত্রী আরও বলেন, আনোয়ারা ও কর্ণফুলীর ভাঙন কবলিত এলাকায় ৩২০ কোটি টাকার উন্নয়নকাজ চলমান রয়েছে। এসব এলাকায় সিসি ব্লকসহ স্থায়ী বেড়িবাঁধ নির্মাণ করা হচ্ছে। নির্ধারিত সময়ের আগে এসব কাজ শেষ করতে সংশ্লিষ্টদের বলা হয়েছে। যেসব এলাকায় নতুন করে ভাঙন দেখা দিয়েছে ওই সব এলাকাও সংস্কারের আওতায় আনা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ বর্ষার আগেই ভাঙন কবলিত এলাকার উন্নয়নকাজ শেষ করতে হবে। কাজে অনিয়ম গাফিলতি বরদাশত করা হবে না, অভিযোগ পেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
এ সময় তার সঙ্গে ছিলেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইদুজ্জামান চৌধুরী, রায়পুর ইউনিয়নের চেয়ারম্যান জানে আলম, পানিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (উন্নয়ন) মোহাম্মদ ইউসুফ,পানি উন্নয়ন বোর্ডের দক্ষিণ পূর্বাঞ্চলের প্রধান প্রকৌশলী একেএম সামশুল করিম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী শিবেন্দু খাস্তগীর।