সড়ক দুর্ঘটনা নিয়ন্ত্রণের দায়িত্ব শাজাহান খানের!

আলোচিত সাবেক নৌপরিবহনমন্ত্রী শাজাহান খানের নেতৃত্বে ১৫ সদস্যের সড়ক দুর্ঘটনা নিয়ন্ত্রণ কমিটি করা হয়েছে। পাশাপাশি পরিবহন আইন বাস্তবায়নে তিন মন্ত্রীর সমন্বয়ে আরও একটি কমিটি গঠন করা হয়েছে। গতকাল রবিবার রাজধানীর বনানীতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্র্তৃপক্ষ (বিআরটিএ) ভবনে সড়ক নিরাপত্তা কাউন্সিলের সভা শেষে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এসব তথ্য জানান। আগামী ১৪ কর্মদিবসের মধ্যে এই দুই কমিটিকে রিপোর্ট দিতে বলা হয়েছে। 

ওবায়দুল কাদের বলেন, সড়ক দুর্ঘটনা ফোকাস করে আমরা সাবেক নৌপরিবহনমন্ত্রী শাজাহান খানের নেতৃত্বে সড়কে দুর্ঘটনা নিয়ন্ত্রণে ১৫ সদস্যের একটি কমিটি গঠন করেছি। তিনি বলেন, আমরা সড়কের উন্নয়ন করতে পেরেছি, এবার সড়কে শৃঙ্খলা ফেরাব। হতাশ হবেন না। সাময়িক কিছু সমস্যায় আছি। এর আগে সড়ক নিরাপত্তা কাউন্সিলের সভায় সড়কে বিশৃঙ্খলা ও দুর্ঘটনা নিয়ে বিশদ আলোচনা হয়।

সভায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, সাবেক নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান, রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন, নৌপ্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সচিব নজরুল ইসলাম, বিআরটিএ চেয়ারম্যান মশিয়ার রহমান, বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) চেয়ারম্যান ফরিদ আহমেদ ভূঁইয়া, সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্লাহ, নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনসহ শ্রমিক-মালিক নেতারা উপস্থিত ছিলেন।