রাজধানীর উপকণ্ঠে সাভারে বিশ্ব ভালোবাসা দিবসের রাতে এক পোশাককর্মীকে কথিত প্রেমিক ও তার বন্ধুরা মিলে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। সাভার মডেল থানার ওসি এএফএম সায়েদ জানান, গতকাল রবিবার মামলার পর ২০ বছরের ওই তরুণীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে। শিগগিরই নাম উল্লিখিত দুজনসহ অজ্ঞাত আসামিদের গ্রেপ্তারে অভিযান চালানো হবে।
পুলিশ জানিয়েছে, বরিশালের ইয়ারপুর থানার ওই তরুণী হেমায়েতপুর এলাকার একটি কারখানায় চাকরি করেন। তিনি ভাইয়ের সঙ্গে সাভার পৌর এলাকার ভাড়া বাসায় থাকেন। ওই তরুণীর ভাই মামলায় অভিযোগ করেছেন, তার ছোট বোন চার
মাস ধরে হেমায়েতপুরের একটি পোশাক কারখানায় চাকরি করছে। এর মধ্যে ওই কারখানার অপারেটর রাকিবের সঙ্গে তার বন্ধুত্ব গড়ে ওঠে। গত বৃহস্পতিবার ভালোবাসা দিবসের রাতে কারখানার পাশের একটি নির্জন মাঠে তাকে ডেকে নেওয়া হয়। পরে আগে থেকেই সেখানে থাকা সুলতান ও অন্য বন্ধুদের নিয়ে রাকিব তাকে জোরপূর্বক ধর্ষণ করে। একপর্যায়ে তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে বিষয়টি কাউকে জানালে হত্যার হুমকি দিয়ে তারা পালিয়ে যায়।