জনপ্রিয় ইউটিউবার, উপস্থাপক, মডেল ও অভিনেতা সালমান মুক্তাদিরকে খুঁজছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি (আইসিটি) মন্ত্রী মোস্তফা জব্বার।
সোমবার সালমান মুক্তাদিরের অবস্থান জানতে নিজের ভেরিফায়েড ফেসবুক পাতায় স্ট্যাটাস দিয়েছেন মোস্তফা জব্বার। মন্ত্রী লিখেছেন, ‘কেউ কি সালমান মুক্তাদিরের আজকের অবস্থা জানাতে পারবেন?’
সম্প্রতি বিতকির্ত একটি ভিডিও নিয়ে সমালোচনার মুখে পড়েন সালমান মুক্তাদির। ওই ভিডিওটি নিজের ইউটিউব চ্যানেলে আপলোড করেছিলেন তিনি।
সালমানের গানটি মুক্তি পাওয়ার পর থেকেই সোশ্যাল মিডিয়া ও ইন্টারনেটে চলে তীব্র সমালোচনা। গানটির বিরুদ্ধে অশ্লীলতার অভিযোগ দিয়ে ফেসবুকে চলছে তর্ক-বিতর্কও।
এদিকে গানটিতে ১৮ লাখেরও বেশি ভিউ হয়েছে। গানটি যে দর্শকদের মনে ধরেনি তা বোঝা যায় সেটিতে পড়া লাইক-ডিসলাইকের সংখ্যা দেখে।
ইউটিউবে গানটিতে লাইক দিয়েছেন ৪২ হাজারের বেশি দর্শক। বিপরীতে ডিসলাইক দুই লাখ ছাড়িয়েছে।
শুধু ডিসলাইকই নয়, গানটি প্রকাশের পর থেকে ‘সালমান দ্য ব্রাউন ফিশ’ চ্যানেলে সাবস্ক্রাইবারের সংখ্যাও কমেছে।