করিমগঞ্জ-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কে সিএনজি ও লরির মুখোমুখি সংঘর্ষে সিএনজিতে থাকা দুই যাত্রী ঘটনাস্থলেই মারা গেছে। তারা দুজন আদালতে মামলার হাজিরা শেষে বাড়ি ফিরছিলেন।
মঙ্গলবার বিকেলে কিশোরগঞ্জ সদরের সতাল মাড়াই কলের সামনে দুর্ঘটনাটি ঘটে। এ ঘটনায় আরও দুই যাত্রী গুরুতর আহত হয়েছে। আহতদের কিশোরগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহতরা হলেন, মিঠামইন উপজেলার চারিগ্রামের আব্দুল মান্নানের ছেলে রাজিব মিয়া (২৪) ও একই গ্রামের মৃত কাছু মিয়ার ছেলে মুকতাদির হোসেন (৫৫)। তারা দুজন আদালতে মামলার হাজিরা দিয়ে বাড়িতে ফিরছিলেন। গুরুতর আহতরা হলেন, জাহিদ মিয়া (২৫) ও মনিরুল ইসলাম।
প্রত্যক্ষদর্শীরা জানায়, কিশোরগঞ্জ থেকে চামটা বন্দর উদ্দ্যেশে ছেড়ে যাওয়া একটি যাত্রীবাহী সিএনজি জেলা সদরের সতাল মারাই কলের সামনে যেতেই বিপরীত দিক থেকে আসার লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিতে থাকা রাজিব মিয়া ও মুকতাদির হোসেন নামে দুই যাত্রী ঘটনার স্থলেই মারা যায়। এ ছাড়া আরও দুই যাত্রী জাহিদ মিয়া ও মনিরুল ইসলাম এ সময় গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কিশোরগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করান।
কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবু বাক্কার সিদ্দিক এ বিষয়ে নিশ্চিত করে বলেন, নিহতদের মৃতদেহ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।