আমেরিকার প্রতি হুয়াওয়ে প্রতিষ্ঠাতার ক্ষোভ

‘হুয়াওয়ে’কে ধ্বংস করতে পারবে না আমেরিকা বলে মন্তব্য করেছেন টেক জায়ান্ট প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা রেন ঝেংফেই। চীনা টেক জায়ান্ট প্রতিষ্ঠানটির বিরুদ্ধে অপরাধ এবং নিরাপত্তা হুমকির অভিযোগের বিষয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি’কে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি। সাম্প্রতিক সপ্তাহগুলোতে যুক্তরাষ্ট্র তার মিত্র দেশগুলোকে হুয়াওয়ে পণ্য ব্যবহারের ক্ষেত্রে সতর্ক বার্তা দিয়েছে। তবে ঝেংয়ের মতে, এই ধরনের চাপ খুব শিগগিরই কাটিয়ে উঠবে তার প্রতিষ্ঠান। রেন-এর কন্যা ম্যাং ওয়ানঝু বর্তমানে আমেরিকায় বিচারের মুখোমুখি। ঝেং বলেন, ‘আমাদের ধ্বংস করার মতো কোনো উপায়ই আমেরিকার কাছে নেই। পৃথিবী আমাদের পরিত্যাগ করবে না। কারণ, আমরা অনেক বেশি এগিয়ে আছি।’

রেনের কন্যা ম্যাং হুয়াওয়ের প্রধান অর্থবিষয়ক কর্মকর্তার দায়িত্বে আছেন। যুক্তরাষ্ট্রের অনুরোধে গত বছরের ডিসেম্বরে ভ্যাঙ্কুভারে তাকে গ্রেপ্তার করে কানাডা পুলিশ। ইরানের বিরুদ্ধে আমেরিকার নিষেধাজ্ঞাকে দুর্বল করার জন্য তিনি প্রতারণামূলক কর্মকা জড়িত হয়েছেন বলে অভিযোগ করা হয়।

রেন মনে করেন, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হয়ে ওয়াশিংটন তার প্রতিষ্ঠানের বিরুদ্ধে অনুসন্ধান কার্যক্রম পরিচালনা করছেন।

তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্র যা করেছে, আমি তার প্রতিবাদ জানাই। এ ধরনের রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত কার্যক্রম কোনোভাবেই কাম্য নয়।’

আমেরিকা বিশ^াস করে, হুয়াওয়ে পণ্যের মাধ্যমে চীনা গোয়েন্দা সংস্থা পশ্চিমা মোবাইল নেটওয়ার্কে হানা দিতে পারে। যদিও এ ধরনের অভিযোগ হাস্যকর বলে উড়িয়ে দিয়েছে হুয়াওয়ে। ব্রিটিশ নিরাপত্তা প্রধানও ফাইভ-জি নেটওয়ার্কে হুয়াওয়ের প্রযুক্তি ব্যবহারে কোনো সমস্যা হবে না বলে মত দিয়েছেন।

কিন্তু ব্রিটিশ সরকার এই টেক জায়ান্টের পণ্যে নিষেধাজ্ঞা প্রদান করতে বদ্ধপরিকর। তবে, এমন পরিস্থিতিতে হুয়াওয়ে যুক্তরাজ্যে বিনিয়োগ বন্ধ করবে না বলে দাবি করেছেন রেন। তিনি বলেন, ‘আমরা এখনো যুক্তরাজ্যের ওপর বিশ্বস রাখি। আশা করি, যুক্তরাজ্যও আমাদের প্রতি আস্থা রাখবে। কারণ, যদি আমেরিকা আমাদের ওপর আস্থা না রাখে, তবে ওই দেশ থেকে আমাদের সব বিনিয়োগ সরিয়ে যুক্তরাজ্যে অনেক মোটা দাগে বিনিয়োগ করব।’