জবি ছাত্রলীগের স্থগিত কমিটি বিলুপ্ত

দুই পক্ষের সংঘর্ষের পরিপ্রেক্ষিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ছাত্রলীগের স্থগিত কমিটি বিলুপ্ত করা হয়েছে। গতকাল মঙ্গলবার ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গত সোমবার ছাত্রলীগের স্থগিত কমিটির কর্মীদের সঙ্গে নতুন কমিটিতে পদপ্রত্যাশীদের সংঘর্ষ হয়। এ ঘটনায় একই দিনে চারজনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা শতাধিকজনকে আসামি করে মামলা করে কোতোয়ালি থানা পুলিশ। গতকাল ছাত্রলীগের বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি ও সাধারণ সম্পাদকের এক জরুরি সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের স্থগিত কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো এবং একই সঙ্গে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রলীগের সকল কার্যক্রম স্থগিত রাখার নির্দেশ প্রদান করা হলো।’

এদিকে গত সোমবারের সংঘর্ষের এক দিন পর গতকাল বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির সহযোগিতায় ক্যাম্পাসে অভিযান চালিয়ে অস্ত্রসহ দুই ছাত্রলীগকর্মীকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলো জবির বাংলা বিভাগের ১৩ ব্যাচের শিক্ষার্থী নাঈম আল অদম্য ও রসায়ন বিভাগের ১৩তম ব্যাচের আবু সায়েম। ওই সময় তাদের কাছ থেকে লাঠি, রডসহ দেশীয় অস্ত্র উদ্ধার করে পুলিশ।

গ্রেপ্তারের বিষয়টি জানিয়ে কোতোয়ালি থানার ওসি (তদন্ত) মওদুদ হাওলাদার বলেন, ‘যাদের গ্রেপ্তার করা হয়েছে, তাদের আদালতে ওঠানো হয়েছে। যারা এখনো বাইরে তাদের গ্রেপ্তারের প্রস্তুতি চলছে।’ পুলিশের লালবাগ বিভাগের উপকমিশনার (ডিসি) ইব্রাহীম খান বলেন, ‘পুলিশ বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে কথা না বলে ক্যাম্পাসে যায় না। তারপরও ছাত্রলীগের সংঘর্ষের ঘটনায় মামলা নিয়েছি আমরা।