খালেদার দুই মামলায় অভিযোগ গঠনের শুনানি পিছিয়েছে

‘মুক্তিযুদ্ধকে কলঙ্কিত করা’ ও ‘ভুয়া জন্মদিন পালনে’র দুই মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির জন্য আগামী ২০ মার্চ দিন ধার্য করেছে আদালত। গতকাল মঙ্গলবার এ দুই মামলায় অভিযোগ গঠনের শুনানির ধার্য দিনে খালেদা জিয়ার আইনজীবীরা শুনানি পেছানোর আবেদন করেন। বিচারিক হাকিম আসাদুজ্জামান নূর নতুন করে এদিন ধার্য করেন। এ দুই মামলার বিচারকাজ চলছে রাজধানীর বকশিবাজারে আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত

বিশেষ আদালতে। ‘মুক্তিযুদ্ধকে কলঙ্কিত’ করার মামলার অভিযোগে বলা হয়, খালেদা জিয়া ২০০১ সালের অক্টোবরে জাতীয় সংসদ নির্বাচনে স্বাধীনতাবিরোধী যুদ্ধাপরাধী জামায়াতের সঙ্গে জোট করে নির্বাচিত হন। পরে রাজাকার-আলবদর নেতাদের মন্ত্রী বানিয়ে বাংলাদেশের মানচিত্র ও জাতীয় পতাকার অবমাননা করেছেন তিনি। ২০১৬ সালের ৩ নভেম্বর ঢাকা মহানগর হাকিম আদালতে এ মামলা করেন জননেত্রী পরিষদের সভাপতি এ বি সিদ্দিকী। অন্যদিকে খালেদা জিয়ার বিরুদ্ধে জাতীয় শোকদিবস (১৫ আগস্ট)সহ একাধিক জন্মদিন পালন নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হওয়ার পর ২০১৬ সালের ৩০ আগস্ট এক সাংবাদিক নেতা তার বিরুদ্ধে মানহানির মামলা করেন।