রোহিঙ্গা প্রত্যাবাসন

মিয়ানমারকে সর্বোচ্চ চাপ দেবে যুক্তরাজ্য

যুক্তরাজ্যের আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক প্রতিমন্ত্রী পেনি মরডান্ট জানিয়েছেন, রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারকে সর্বোচ্চ চাপ দেবে যুক্তরাজ্য। গতকাল মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের সঙ্গে বৈঠকে এ প্রতিশ্রুতি দেন তিনি। বৈঠকের পর সাংবাদিকদের এ কথা জানান প্রতিমন্ত্রী। শাহরিয়ার আলম বলেন, ‘যুক্তরাজ্য সরকারের মন্ত্রীর সঙ্গে রোহিঙ্গা ইস্যু নিয়ে আলোচনা হয়েছে। রোহিঙ্গাদের ফেরত পাঠাতে নতুন করে বহুপক্ষীয় কূটনৈতিক তৎপরতার দিকে এগোচ্ছে বাংলাদেশ। এছাড়া রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে দ্বিপক্ষীয় আলোচনার তেমন কোনো অগ্রগতি নেই।’ পেনি মরডান্ট বলেন, ‘রোহিঙ্গা সংকট সমাধানে যুক্তরাজ্য বাংলাদেশের পাশে রয়েছে। রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারকে সর্বোচ্চ চাপ দেবে যুক্তরাজ্য সরকার।’