বাবা-মাকে উৎসর্গ, মাশরাফীকে কৃতজ্ঞতা সাব্বিরের

নিউজিল্যান্ডের বিপক্ষে বুধবার তৃতীয় ও শেষ ওয়ানডেতে ক্যারিয়ারে প্রথম ওয়ানডে সেঞ্চুরির দেখা পেয়েছেন সাব্বির রহমান। তিন ম্যাচের সিরিজে হোয়াইটওয়াশের স্বাদ পাওয়া বাংলাদেশের জন্য যা একমাত্র প্রাপ্তি। আর গেল কিছুদিন কঠিন সময়ের মধ্যে দিয়ে যাওয়া সাব্বিরের জন্য তো তা সেঞ্চুরির চেয়েও অনেক বেশি।

ডানেডিনে পাওয়া ক্যারিয়ারের প্রথম আন্তর্জাতিক সেঞ্চুরিটি নিজের বাবা-মাকে উৎসর্গ করেছেন ২৭ বছর বয়সী ডানহাতি ব্যাটসম্যান সাব্বির। সঙ্গে অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা প্রতি জানিয়েছেন বিশেষ কৃতজ্ঞতা।

দল ৮৮ রানে হেরে গেলেও প্রথম সেঞ্চুরির স্বাদ পেয়ে স্বাভাবিকভাবেই খুশি সাব্বির। সংবাদমাধ্যম ক্রিকবাজকে সেঞ্চুরি নিয়ে সাব্বির বলেন, ‘‘আমি আমার সেঞ্চুরিটি বাবা ও মাকে উৎসর্গ করেছি। গেল কিছুদিন যত ঘটনা ঘটেছে, সব খারাপ সময়গুলোতে তারা আমার পাশে ছিলেন।’’

গেল সেপ্টেম্বরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্তকে গালিগালাজ করে ছয় মাসের জন্য আন্তর্জাতিক ক্রিকেটে নিষিদ্ধ হয়েছিলেন সাব্বির। তার আগে নানা বিতর্কিত ঘটনায় এসেছেন আলোচনায়। খেলার চেয়ে খেলার বাইরের নানা বিতর্ক আষ্টেপৃষ্ঠে ধরেছিল সাব্বিরকে।

সেই তাকেই নিউজিল্যান্ড সফরে দলে নেওয়া হয় শাস্তির মেয়াদ এক মাস বাকি থাকতেই। বিশ্বকাপের কথা ভেবে সাব্বিরকে দলে নেওয়ার পেছনে প্রধান ভূমিকা ছিল ওয়ানডে অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজার। তার জোরালো চাওয়ার মুখেই সাব্বিরের শাস্তির মেয়াদ কমিয়ে দলে অন্তর্ভুক্ত করা হয়।

সাব্বির তাই কৃতজ্ঞ মাশরাফীর প্রতি, ‘‘আমি মাশরাফী ভাইয়ের প্রতি কৃতজ্ঞ। এ ছাড়া যারা আমাকে সাপোর্ট করেছে তাদের প্রত্যেককে ধন্যবাদ। তাদের সাপোর্ট অতীতেও আমাকে অনেক বেশি সাহায্য করেছে।’’