বিশ্বের ১০০ কনটেইনার পরিবহন বন্দরের মধ্যে চট্টগ্রাম বন্দর ৭০তম স্থান অর্জন করেছে বলে জানিয়েছে নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। গতকাল বুধবার জাতীয় সংসদে অনুষ্ঠিত কমিটির প্রথম বৈঠকে জানানো হয়, এ বন্দরের মাধ্যমে বিগত ২০১৭-২০১৮ অর্থবছরে ৩ হাজার ৬৬৪টি জাহাজ আসা-যাওয়া করেছে। এর মাধ্যমে চট্টগ্রাম বন্দরের বৈশ্বিক এ অবস্থান নিশ্চিত হয়েছে।
বৈঠকে জানানো হয়, মংলা সমুদ্রবন্দর থেকে রামপাল কয়লা বিদ্যুৎকেন্দ্র (১৩২০ মেগাওয়াট) পর্যন্ত পশুর চ্যানেলের ক্যাপিটাল ড্রেজিং শেষ হলে বছরে ৪৫ লাখ টন কয়লা পরিবহন সম্ভব হবে। ইন্ডিয়া বাংলাদেশ ফ্রেন্ডশিপ কোম্পানি এ কয়লা পরিবহন করবে। বৈঠকে নৌপরিবহন মন্ত্রণালয়ের অধীনস্ত চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, মোংলা বন্দর কর্তৃপক্ষ, পায়রা বন্দর কর্তৃপক্ষ, স্থলবন্দর কর্তৃপক্ষ, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন ও নৌপরিবহন অধিদপ্তরের কর্মকাণ্ড সম্পর্কে আলোচনা
করা হয়।
বৈঠকে উল্লেখ করা হয়, বেনাপোল স্থলবন্দরে যাত্রী চলাচলের সুবিধার্থে একটি আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনাল ও একটি আন্তর্জাতিক বাস টার্মিনাল নির্মাণ করা হয়েছে। ওই টার্মিনালে ভারতে গমনকারী যাত্রীরা অবস্থান সুবিধা, নিরাপত্তা সুবিধা, মহিলা ও প্রতিবন্ধী যাত্রীদের জন্য বিশেষ সুবিধাসহ অবকাঠামো উন্নয়ন করা হয়েছে।