‘হলে নয়, ডাকসুর ভোটকেন্দ্র অনুষদে চাই’ শিরোনামে গণস্বাক্ষর কর্মসূচিতে ৯১ শতাংশ শিক্ষার্থী অনুষদে ভোটকেন্দ্র করার পক্ষে রায় দিয়েছেন। অন্যদিকে হলের ভেতর ভোটকেন্দ্র চেয়েছেন ৫ শতাংশ শিক্ষার্থী। গতকাল বুধবার বাংলাদেশ ছাত্র ফেডারেশনের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা আয়োজিত কর্মসূচির ফল প্রকাশ করা হয়।
৭ কার্যদিবসের এ কর্মসূচিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৮টি হলের ৩ হাজার ১৪৫ জন শিক্ষার্থী স্বাক্ষর করেন। এতে অনুষদে ভোটকেন্দ্রের পক্ষে পড়ে ২ হাজার ৮৮১টি ভোট। হলে ভোটকেন্দ্রের পক্ষে ভোট পড়ে ১৫৯টি। নিরপেক্ষ ও বাতিল ভোট পড়ে ১০৫টি।
গণস্বাক্ষরের ফল গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে স্মারকলিপির মাধ্যমে পেশ করে ছাত্র ফেডারেশন। এতে অনুষদে ভোটকেন্দ্র স্থাপন, সভাপতির ক্ষমতার ভারসাম্য তৈরি করা, নির্বাচিত ব্যক্তিদের অনিয়ম চর্চার সুযোগ বন্ধ করা, নির্বাচিত ব্যক্তিকে ভোটারদের মাধ্যমে অভিশংসনের ব্যবস্থা করা, হল ও কেন্দ্রীয় সংসদের ফি দেওয়া সব শিক্ষার্থীকেই ভোটার ও প্রার্থী হওয়ার সুযোগ তৈরি করা, বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থী সংগঠনের মধ্যে গণতান্ত্রিক সহাবস্থান নিশ্চিত করা এবং ভোটকেন্দ্রে সাংবাদিকদের অবাধ প্রবেশ, প্রচারের ব্যবস্থা এবং ক্লোজড সার্কিট টেলিভিশন (সিসিটিভি) ক্যামেরা স্থাপনের দাবি জানানো হয়।
জানতে চাইলে ছাত্র ফেডারেশন ঢাবি শাখার সভাপতি উম্মে হাবিবা বেনজীর দেশ রূপান্তরকে বলেন, ‘আমরা উপাচার্যকে সাধারণ শিক্ষার্থীদের এই চাওয়ার কথা জানিয়েছি। যদিও উপাচার্য একটি দলের হয়ে কাজ করছে, তবুও আমরা আশা করি আমাদের দাবিগুলো বাস্তবায়নে তারা পদক্ষেপ নেবে।’
এই বিষয়ে কথা বলতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামানের মুঠোফোনে কয়েকবার চেষ্টা করেও পাওয়া যায়নি।
আগামী ১১ মার্চ ডাকসু নির্বাচন হওয়ার কথা রয়েছে। এ নির্বাচনের ভোটকেন্দ্র হলের ভেতর দেওয়ায় আপত্তি তুলেছে সরকারবিরোধী সব ছাত্র সংগঠন। তাদের অভিযোগ, হলের ভেতর ছাত্রলীগের একক আধিপত্য। এতে ভোট কারচুপি হওয়ার আশঙ্কা রয়েছে।