ভাষার মাসে রাজশাহীতে যাত্রা শুরু করল দেশের প্রথম সেলুনভিত্তিক পাঠাগার। গতকাল বৃহস্পতিবার সকালে নগরীর ১৪ নম্বর ওয়ার্ডের তেরখাদিয়া এলাকায় পরীক্ষামূলক ১০টি সেলুন পাঠাগার উদ্বোধন করেন কাউন্সিলর আনোয়ার হোসেন আনার।
কেন্দ্রীয় কিশোর পাঠাগারের প্রতিষ্ঠাতা ও সেলুন পাঠাগারের উদ্যোক্তা সোহাগ আলীর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মাসিদুল হাসান, তেরখাদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লিয়াকত কাদির কুমকুম। সোহাগ আলী জানান, সেলুনে চুল-দাড়ি কাটতে এসে বেশ ভিড় হয়, সেই অবসর সময়েই বই পড়ার অভ্যাস গড়ে তোলার লক্ষ্যে অভিনব উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় কিশোর পাঠাগার। সেলুনেই বিনা মূল্যে বই পড়তে পারবেন, প্রয়োজনে আপনি বাসাতেও বই নিতে পারবেন।