কেমিক্যালের কোনো অস্তিত্বই ছিল না : শিল্পমন্ত্রী

চকবাজারে পুরান ঢাকার যে ভবনে আগুন লেগেছে সেখানে রাসায়নিক দাহ্য পদার্থের কোনো অস্তিত্ব ছিল না বলে মন্তব্য করেছেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন। তিনি বলেছেন, ‘ওই ভবনে কোনো গোডাউনও ছিল না। পুরান ঢাকার কেমিক্যাল ব্যবসা বংশ পরম্পরার। এটা বন্ধ করা যাবে না। এর সঙ্গে অনেক কিছু জড়িত। আমি পুরান ঢাকার মানুষ। আমি জানি।’ গতকাল বৃহস্পতিবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিট পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। চকবাজারের অগ্নিকাণ্ডের ঘটনা একদমই ভিন্ন মন্তব্য করে শিল্পমন্ত্রী বলেন, ‘নিমতলীর ঘটনা আর চকবাজারের ঘটনা একদম ভিন্ন। এটা কেমিক্যাল সম্পর্কিত কিছুই নয়। সিলিন্ডার থেকে এটা হয়েছে। আজকের ঘটনা ভিন্ন। আমি সরেজমিনে দেখে এসেছি। দিস ইজ ডিফারেন্ট স্টোরি।’

নিমতলীর ঘটনার প্রায় ১০ বছর পরও কেমিক্যাল গোডাউন না সরাতে পারার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নে মন্ত্রী বলেন, ‘আপনারা কি ভিনগ্রহ থেকে এসেছেন নাকি? আমরা কি ঢাকা শহর গুঁড়িয়ে দেব?’ ব্যবসায়ীরা গোডাউন সরাতে চায় না উল্লেখ করে তিনি আরও বলেন, ‘আমরা শিল্পনগরী গড়ে তুলছি। আমাদের বাস্তবতা বুঝতে হবে।’