ফার্মেসির ভেতরেই প্রাণ গেল ঢাবি শিক্ষার্থী ও ডাক্তারের

পুরান ঢাকার চকবাজারে আগুনে পুড়ে যাওয়া ‘ওয়াহিদ ম্যানসনের’ ঠিক উল্টা পাশেই মদিনা ফার্মেসি। ওই ফার্মেসির মালিক চার বন্ধুর একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী হাফেজ মাওলানা কাওসার (২৬)। অগ্নিকাণ্ডের সময় ফার্মেসিতেই ছিলেন কাওসার ও বাংলাদেশ ডেন্টাল কলেজের চিকিৎসক ইনজামুল হক রাশু। আগুন লাগার সঙ্গে সঙ্গেই দোকানের শাটার বন্ধ করে ভেতরে অবস্থান নেন তারা ছাড়াও আরও দুজন। কিন্তু সেই শাটার আর খোলা হয়নি তাদের। দোকানের ভেতরেই তাদের মৃত্যু হয়। গতকাল বৃহস্পতিবার সকালে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গের সামনে কাওসারের  স্বজনদের আহাজারিতে হৃদয়বিদারক দৃশ্য  তৈরি হয়। বারবার মূর্ছা যাচ্ছিলেন তার মা নুরুন্নাহার। ভাই ইলিয়াস হোসেন বলেন, ‘সে দোকানের ভেতরে ছিল। আগুন লাগার পর আর বের হতে পারেনি।’ তিনি আরও জানান, চুড়িহাট্টায় থাকা কাওসারের এক বছরের যমজ সন্তান রয়েছে। তার গ্রামের বাড়ি কুমিল্লার হোমনা উপজেলার শ্রীপুর গ্রামে।