চকবাজারের অগ্নিকাণ্ডের সময় ‘ওয়াহিদ ম্যানসনের’ তৃতীয় তলা থেকে অন্তঃসত্ত্বা স্ত্রী রিয়াকে নিচে নামাতে পারেননি স্বামী রিফাত। তাই নিশ্চিত মৃত্যু জেনেও তার সঙ্গ ছাড়েননি। অনাগত সন্তানকে নিয়ে পুড়ে মরলেন দুজন। প্রথম সন্তানের মুখ দেখতে অধীর অপেক্ষায় থাকা এ দম্পতির সব স্বপ্ন শেষ করে দিল বুধবারের অগ্নিকাণ্ড। গতকাল বৃহস্পতিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গের সামনে লাশ শনাক্ত করতে আসা রিয়া ও রিফাতের স্বজনরা এসব জানান। রিফাতের বন্ধু আল আকসার সাজিদ জানান, ওয়াহিদ ম্যানসন ভবনের যে বাসায় রিয়া ও রিফাত থাকতেন তা পুড়ে ছাই হয়ে গেছে। সেখানে তাদের না পেয়ে ছুটে আসেন মর্গে। পুড়ে অঙ্গার হওয়ায় মরদেহ শনাক্ত সম্ভব হচ্ছে না। তিনি জানান, আগুন লাগার পর রিফাতের পরিবারের সঙ্গে কথা হয়। কিন্তু রিয়াকে নামাতে পারছিল না বলেই তিনি নামেননি। করুণ এ মৃত্যুর খবর শুনে রিয়ার পরিবারের লোকজনও অসুস্থ হয়ে পড়েছেন।