ওয়েলফেয়ার বা জাস্টিস পার্টি জামায়াতের নতুন সংগঠন?

জামায়াতে ইসলামী শীর্ষ নেতৃত্ব মূল দলের পাশাপাশি নতুন সংগঠনের নাম এবং গঠনতন্ত্র নিয়ে কাজ করছে। এর মধ্যে তারা দুটি নাম নিয়ে আলোচনা করছে। একটি হলো ওয়েলফেয়ার পার্টি অব বাংলাদেশ এবং আরেকটি জাস্টিস পার্টি অব বাংলাদেশ। দলটির দায়িত্বশীল এক নেতা দেশ রূপান্তরকে গতকাল বৃহস্পতিবার জানান, নির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী পাঁচ সদস্যের বিশেষ কমিটি ১৫ দিন ধরে কাজ করছে। নতুন দল এবং সামাজিক সংগঠনের নাম ও আত্মপ্রকাশ নিয়ে কোনো তাড়াহুড়ো নয়। নতুন সংগঠনের কাজ, গঠনতন্ত্রসহ সবকিছু ঠিকঠাক করেই ঘোষণা দেওয়া হবে। এতে কিছুটা সময় লাগতেও পারে। কেন্দ্রীয় কমিটির এক সদস্য বলেন, ভারত ও মধ্যপ্রাচ্যে এ ধরনের নামে সংগঠন রয়েছে, যারা আদর্শিক রাজনীতি করে। তিনি বলেন, মূল দল থেকে তরুণ নেতৃত্বের ৬০ শতাংশ থাকবে নতুন সংগঠনে। তারা দলে তরুণদের আনতে উদ্বুদ্ধ করবে। তবে পদত্যাগী নেতা ব্যারিস্টার আবদুর রাজ্জাক এবং দল থেকে বহিষ্কার হয়ে যাওয়া কাউকে স্থান দেওয়া হবে না। তিনি আরও বলেন, ‘গত ১২ ফেব্রুয়ারির বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, দলের হাইকমান্ডের নির্দেশনার বাইরে কেউ কথা বললে তাকে সঙ্গে সঙ্গে বহিষ্কার করা হবে।’ যোগ করেন, ‘উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় অন্যসব রাজনৈতিক দলের মতোই জামায়াতে ইসলামী বিগত সময়গুলোতেও সংস্কার করে আসছে। এই পার্টির মূল লক্ষ্য থাকবে একটা কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা। এই নামের সঙ্গে ইসলাম শব্দ থাকবে না।’ জানা গেছে, সম্প্রতি নতুন সংগঠন গঠন এবং পরবর্তী কর্মকৌশল ঠিক করতে দলটির সাধারণ সম্পাদক ডা. শফিকুর রহমানকে প্রধান করে পাঁচ সদস্যের কমিটি করা হয়েছে। কমিটির অন্যরা হলেন মিয়া গোলাম পরওয়ার, ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের, রফিকুল ইসলাম খান ও এ টি এম মাসুম।