ঝালকাঠির কাঠালিয়ায় নিখোঁজের আট ঘণ্টা পরে শান্ত হাওলাদার নামে ৯ বছর বয়সী এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। সে স্থানীয় কৈখালী প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় শ্রেণির ছাত্র এবং পশ্চিম শৌলজালিয়া গ্রামের তপন কুমার হাওলাদারের ছেলে।
শুক্রবার সকাল ৮টায় উপজেলার পশ্চিম শৌলজালিয়া গ্রামে বাড়ির সামনের ফসলের মাঠ থেকে তার লাশ উদ্ধার করা হয়। শান্ত বৃহস্পতিবার রাত ১২টার দিকে চাচাতো বোনের বিয়ের অনুষ্ঠান থেকে নিখোঁজ হয়।
পুলিশ ও স্বজনরা জানায়, বিয়ের অনুষ্ঠান চলাকালে রাত ১২টার পর থেকে শান্তকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। সকাল ৬টার দিকে বাড়ির সামনের একটি ফসলের মাঠে তার মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে কাঠালিয়া থানায় নিয়ে যায় ।
শান্তকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে জানায় পুলিশ। তবে কারা, কি কারণে শান্তকে হত্যা করা হয়েছে এ বিষয়টি এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ ও স্বজনরা।
এ ব্যাপারে রাজাপুর কাঠালিয়া সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. মোজাম্মেল হক রেজা বলেন, আমরার খতিয়ে দেখছি আসলে কি কারণে শান্তকে হত্যা করা হয়েছে । আশা করছি অতি দ্রুতই খুনিকে আমরা গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসতে পারব।