আসন্ন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগের সহ-সভাপতি (ভিপি) ও সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থী চূড়ান্ত হয়েছে বলে জানিয়েছেন ক্ষমতাসীন দলটির দায়িত্বপ্রাপ্ত কয়েক নেতা।
গতকাল শুক্রবার রাতে দেশ রূপান্তরকে তারা জানান, আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিপি পদে ছাত্রলীগ সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও জিএস পদে ছাত্রলীগ সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীকে ঠিক করেছেন। এজিএসসহ পূর্ণাঙ্গ প্যানেল ঠিক করতে আওয়ামী লীগের দায়িত্বপ্রাপ্ত নেতাদের আলোচনা করতে নির্দেশ দিয়েছেন। এজিএস পদে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাস ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনের নাম আলোচনায় আছে।
শেখ হাসিনা গতকাল রাতে ডাকসু নির্বাচন দেখভাল করার জন্য দায়িত্বপ্রাপ্ত নেতা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, আবদুর রহমান, সাবেক ডাকসু নেতা আখতারুজ্জামান, সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিমসহ কেন্দ্রীয় আরও কয়েক নেতাকে নিয়ে গণভবনে বসেন। তিনি তাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করে শোভন-রাব্বানীর নাম চূড়ান্ত করেন বলে জানান বৈঠকে উপস্থিত দায়িত্বপ্রাপ্ত কয়েক নেতা। তারা বলেন, পূর্ণাঙ্গ প্যানেল ঠিক করে শিগগিরই আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হবে। হল সংসদ নির্বাচনের প্রার্থীও দায়িত্বপ্রাপ্ত নেতারা ঠিক করবেন। কেন্দ্রীয় প্যানেলের সঙ্গে হল প্যানেলও আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হবে।
তিন দশক পর এবার আদালতের নির্দেশে ডাকসু নির্বাচনের উদ্যোগ নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্র্তৃপক্ষ। ঘোষিত তফসিল অনুযায়ী, ১৮ থেকে ২৫ ফেব্রুয়ারি ডাকসু নির্বাচনের মনোনয়ন ফরম সংগ্রহ করা যাবে। ১১ মার্চ ভোটের দিন রেখে তফসিলে হলে ভোটকেন্দ্র স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ছাত্রদল ও বাম ছাত্র সংগঠনগুলো শুরু থেকেই হলে ভোটকেন্দ্র স্থাপনের বিরোধিতা করে আসছে। ছাত্রলীগ চাইছিল, ভোটকেন্দ্র আগের মতো হলেই হোক।