বইমেলা থেকে বেরিয়ে হবু স্বামীর সঙ্গে রিকশাযোগে বাসায় ফিরছিলেন মিতু ঘোষ (২২)। হঠাৎ একটি নারকেল গাছ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে তাদের বহনকারী রিকশার ওপর। এতে ঘটনাস্থলেই মারা যান মিতু। এ সময় মিতুর হবু স্বামী ধনরঞ্জন ঘোষসহ আরও ৭ জন আহত হয়েছেন। গতকাল রাত ৯টার দিকে রাজধানীর শাহবাগ থানাধীন দোয়েল চত্বর সংলগ্ন শিশু একাডেমির সামনে এ ঘটনা ঘটেছে।
আশপাশের লোকজন আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জানান, পথেই মিতুর মৃত্যু হয়েছে।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. বাচ্চু মিয়া জানিয়েছেন, এ ঘটনায় গুরুতর আহত স্বপ্না নামে একজনকে ঢামেক হাসপাতাল থেকে স্কয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। আহত অন্যরা হলেন সিএনজি অটোরিকশার যাত্রী খোরশেদ আলম খসু (৫৫), তার স্ত্রী সেলিনা আলম (৩৫), মেয়ে সেহরিন আলম (১৮), মেয়ে সাজরিন আলম (১০), রিকশার যাত্রী ধনরঞ্জন ঘোষ (৩০), স্বপ্না (৩২) ও পথচারী মহাসিন (২৮)।
শাহবাগ থানার ওসি আবুল হাসান দেশ রূপান্তরকে বলেন, হঠাৎ গাছ পড়ে মিতু নামে একজন নারীর মৃত্যুর তথ্য পাওয়া গেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ছাড়া এ ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন।
আহত ধনরঞ্জন জানান, মিতুর সঙ্গে তার বিয়ে হওয়ার কথা ছিল। আগেই এনগেজমেন্ট হয়েছে। আজকে (গতকাল) তারা দুজনে মিলে বইমেলায় এসেছিলেন। সেখান থেকে রিকশাযোগে তাদের বাসা সূত্রাপুর থানার পাশে ফিরছিলেন। পথে এই দুর্ঘটনার শিকার হন। তবে নারকেল গাছটি কীভাবে পড়েছে সে বিষয়ে কিছুই বলতে পারেননি তিনি।
হাসপাতালে চিকিৎসাধীন সেলিনার ভাই হৃদয় জানান, ভগ্নিপতি খোরশেদ আলম স্ত্রী ও দুই সন্তান নিয়ে বইমেলায় গিয়েছিলেন। সেখান থেকে রাতে মগবাজারের বাসায় ফেরার পথে দোয়েল চত্বর পার হলে শিশু একাডেমির ভেতরের একটি নারকেল গাছ ভেঙে পড়ে তাদের গাড়ির ওপর।