ঢামেকে মির্জা ফখরুল

সরকার প্রতিশ্রুতি রাখলে প্রাণগুলো ঝরত না

চকবাজারে অগ্নিকাণ্ডে দগ্ধদের ঢাকা মেডিকেল কলেজে (ঢামেক) হাসপাতালে দেখতে এসে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল পুরান ঢাকার সব কেমিক্যাল কারখানা সরিয়ে ফেলা হবে এবং রাস্তাঘাট বড় করা হবে। তবে এরকম কোনো ব্যবস্থা তারা নেয়নি। সরকার তাদের প্রতিশ্রুতি রক্ষা করলে এই মূল্যবান প্রাণগুলো ঝরত না।’ গতকাল শুক্রবার সন্ধ্যায় বার্ন ইউনিটে গিয়ে রোগীর স্বজনদের সঙ্গে কথা বলেন তিনি। ঢামেক থেকে বেরিয়ে যাওয়ার সময় উপস্থিত সাংবাদিকদের তিনি আরও বলেন, ‘চকবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬৭ জন নিহত এবং নারী ও শিশুসহ ৫০ জনেরও বেশি দগ্ধ, আহত হয়েছে। এটি একটি হৃদয়বিদারক দৃশ্য। কয়েকজনের অবস্থা অনেক খারাপ। এই ধরনের দুর্ঘটনা বিশেষ করে পুরান ঢাকায় প্রায় সময়ই ঘটছে।’

তিনি অভিযোগ করে বলেন, ‘সরকারের মন্ত্রীরা অনেক কথা বলছেন প্রায় সময়ই। কিন্তু যে কাজগুলো তাদের করা দরকার সেগুলো কিছুই করছেন না। আমরা লক্ষ্য করছি যে, দায়িত্বহীনতা এত বেড়ে গেছে, কারও কোনো জবাবদিহিতা নেই।’ বিএনপি মহাসচিব বলেন, ‘আমাদের দল অত্যন্ত প্রতিকূল অবস্থায় আছে। তারপরও আমরা আহতদের পরিবারের পাশে দাঁড়ানোর চেষ্টা করব। যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের যেন পর্যাপ্ত ক্ষতিপূরণ দেওয়া হয়।’

এ সময় এক রোগীর উদাহরণ তুলে মির্জা ফখরুল বলেন, ‘এরা সবাই নিম্ন আয়ের মানুষ। একজনের সঙ্গে কথা বললাম যিনি দোকানে চাকরি করেন। বাড়ি ফরিদপুর। তার স্ত্রীর সঙ্গে আমাদের কথা হয়েছে। তিনি আট মাসের অন্তঃসত্ত্বা। এই পরিবার কীভাবে চলবে? এজন্য তাদের প্রত্যেক পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া অবশ্যই জরুরি।’ এ সময় বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।