ছবি মুক্তি পেয়েছে অথচ আমিই জানি না

তরুণ প্রজন্মের জনপ্রিয় চিত্রনায়িকা পূজা চেরী। বর্তমানে মাধ্যমিক পরীক্ষা নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি। এরই মাঝে মুক্তি পেল তার নতুন ছবি ‘প্রেম আমার ২’। সমসাময়িক বিভিন্ন বিষয়ে কথা বলেছেন তিনি

এসএসসি পরীক্ষায় ব্যস্ত...

আমি এবার এসএসসি পরীক্ষা দিচ্ছি। পরীক্ষা প্রায় শেষ পর্যায়ে। সবার দোয়ায় পরীক্ষা ভালো হয়েছে। আশা করছি ভালো ফলাফল অর্জন করতে পারব। পরীক্ষার জন্যই ‘দহন’ ছবি মুক্তির পর আর শ্যুটিং করিনি। বলতে পারেন সিনেমা সংশ্লিষ্ট সব ধরনের কাজ থেকে সাময়িক বিরতি নিয়েছিলাম।

মন খারাপ...

আমার অভিনীত বিগ বাজেটের যৌথ প্রযোজনার ছবি ‘প্রেম আমার ২’ গত ২২ ফেব্রুয়ারি বাংলাদেশের মাত্র একটি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। এ খবরটাই আমি জানতাম না। ফেইসবুকে আমাকে একজন জানিয়েছে খবরটি। যখন জানতে পেরেছি, তখন মনটা খুবই খারাপ হয়ে গেছে। কারণ এত বড় বাজেটের আমার একটি ছবি মুক্তি পেল, অথচ আমি জানলামই না। সে জন্য মন খারপ হয়েছে। কলকাতায় ছবিটি খুবই ভালো ব্যবসা করেছে। তাই বাংলাদেশেও ছবিটা নিয়ে আমি আশাবাদী ছিলাম।

একটি প্রেক্ষাগৃহে মুক্তির কারণ ...

আমর মনে হয় কোনো পরিকল্পনার অংশ হিসেবে তাড়াহুড়ো করে ছবিটি মুক্তি দেওয়া হয়েছে। তবে জাজের সূত্রে জানতে পেরেছি মার্চের প্রথম সপ্তাহে বড় পরিসরে সারা দেশে ছবিটি মুক্তি দেওয়া হবে। তখন ছবিটির প্রচারে আমিও জোরালোভাবে অংশ নেব।

আরও সিনেমা ...

আমি নায়িকা হিসেবে যে কয়টি ছবিতে অভিনয় করেছি সেগুলোর সবই জাজ মাল্টিমিডিয়ার। এছাড়া চুক্তিবদ্ধ হয়ে আছি আরও দুটি ছবিতে। একটিতে আমার বিপরীতে থাকবেন স্বপ্নজাল সিনেমার নায়ক ইয়াশ রোহান। এই সিনেমার নাম ‘জিন’। মার্চেই শ্যুটিং শুরুর কথা ছিল। কিন্তু প্রতিষ্ঠানটির কর্ণধার বর্তমানে আত্মগোপনে থাকায় সে ছবিগুলোর ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে গেছে। সব মিলিয়েই মন খারাপ।