জাতির জনক শেখ মুজিবুর রহমানের ‘বঙ্গবন্ধু’ উপাধির সুবর্ণজয়ন্তী উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল শনিবার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এক অনুষ্ঠানে এটি অবমুক্ত করা হয় বলে বার্তা সংস্থা বাসসের খবরে জানানো হয়েছে।
১৯৬৯ সালের ২৩ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের (ডাকসু) তৎকালীন সহ-সভাপতি (ভিপি) তোফায়েল আহমেদ বাঙালির অবিসংবাদিত নেতা শেখ মুজিবুর রহমানকে ‘বঙ্গবন্ধু’ উপাধি দেন। এর ৫০ বছর পূর্তিতে গতকাল প্রধানমন্ত্রী ১০ টাকা মূল্যমানের একটি উদ্বোধনী খাম ও ৫ টাকা মূল্যমানের একটি ডাটা কার্ড অবমুক্ত করেন। এতে একটি বিশেষ সিলমোহর ব্যবহার করা হয়েছে। বাংলাদেশ ডাক বিভাগ আয়োজিত অনুষ্ঠানে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী মোস্তাফা জব্বার, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিবঅশোক কুমার বিশ্বাস, বাংলাদেশ ডাক বিভাগের মহাপরিচালক সুশান্ত কুমার মণ্ডলসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। স্মারক ডাকটিকিট, উদ্বোধনী খাম ও ডাটা কার্ড গতকাল থেকে ঢাকা জিপিওর ফিলাটেলিক ব্যুরো থেকে বিক্রি শুরু হয়েছে। পরবর্তী সময়ে দেশের সব ডাকঘরে এগুলো বিক্রি করা হবে।