প্রলোভনের ঊর্ধ্বে থেকে দায়িত্ব পালন করুন: ইসি মাহবুব

নির্বাচনে কোনো প্রকার চাপ, লোভ বা প্রলোভনের ঊর্ধ্বে থেকে কর্মকর্তাদের দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) মাহবুব তালুকদার । দেশের গণতন্ত্রের অভিযাত্রার জন্য স্থানীয় সরকার নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি বলেন, কোনো নির্বাচনেই কোনো রূপ শিথিলতা প্রদর্শনের সুযোগ নেই।

রবিবার রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে (ইটিআই) উপজেলা নির্বাচনের প্রশিক্ষকদের প্রশিক্ষণ কর্মসূচিতে অংশ নিয়ে মাহবুব তালুকদার এ নির্দেশনা দেন। তিনি বলেন, পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচন অতি সন্নিকটে। এই নির্বাচনকে সাফল্যমণ্ডিত করার জন্য আপনারা কেবল অগ্রণী ভূমিকা নয়, সামগ্রিক ভূমিকা পালন করবেন।

তিনি আরও বলেন, নির্বাচন কমিশনের সম্মান ও মর্যাদা অক্ষুণ্ন রাখতে আপনাদের সাহসিকতার সঙ্গে স্বীয় বিবেকের কাছে দায়বদ্ধ থেকে দায়িত্ব পালন করতে হবে। মনে রাখবেন, সুষ্ঠু নির্বাচন আমাদের দেশপ্রেমের অভিব্যক্তি। তবে এসব কথা আমরা অতীতে বলেছি, বর্তমানেও বলছি এবং ভবিষ্যতেও বলব। নির্বাচনে সাফল্য লাভের জন্য কথাগুলো আমাদের সব সময়ের পরামর্শ।

প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্য করে তিনি বলেন, কোনো বিষয়বস্তু সম্পর্কে অস্পষ্টতা থাকলে, তা এখানে নিরসন করা বাঞ্ছনীয়। কোনো বিষয়ে যদি কারও বিভ্রান্তি থাকে, তাহলে আপনারা যাদের প্রশিক্ষণ দেবেন, তাদের মধ্যে সে বিভ্রান্তি সঞ্চারিত হওয়ার আশঙ্কা আছে। এমন অবস্থা কোনোভাবেই কাম্য নয়। কারণ এখন থেকে প্রশিক্ষিত হয়ে আপনারা যাদের প্রশিক্ষণ দিতে যাচ্ছেন, তাদের মধ্যে প্রতিটি বিষয়ে স্বচ্ছ ধারণা সঞ্চারিত করা প্রয়োজন। একজন প্রশিক্ষণার্থীর প্রশিক্ষককে নির্বাচনের প্রতিটি বিষয়ে অবশ্যই হতে হবে স্বচ্ছ ধারণার অধিকারী। তা না হলে সামগ্রিক নির্বাচন ব্যবস্থাপনার ওপর তার বিরূপ প্রভাব পড়তে পারে।