বিএনপির বিজয়ে যা বলল নাগরিক ঐক্য

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৫৩ পিএম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি জোটের ঐতিহাসিক জয় দীর্ঘ দেড় দশকেরও বেশি সময় ধরে চলা ভোটাধিকার বঞ্চিত সাধারণ মানুষের লড়াই, ত্যাগ এবং গণতন্ত্র পুনরুদ্ধারে জনগণের অদম্য আকাঙ্ক্ষার প্রতিফলন। এ বিজয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি ও দলের চেয়ারম্যান তারেক রহমান-সহ নির্বাচনে অংশগ্রহণকারী সকল রাজনৈতিক দল ও দেশের সর্বস্তরের জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন নাগরিক ঐক্যের নেতারা। আজ শনিবার যৌথ এক বিবৃতিতে এ শুভেচ্ছা জানান নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সার। 

দলের যুগ্ম সাধারণ সম্পাদক কবির হাসান স্বাক্ষরিত বিবৃতির শুরুতেই ঐতিহাসিক জুলাই অভ্যূত্থানের শহীদ আবু সাঈদ, মীর মুগ্ধ’সহ জুলাই যোদ্ধাদের শ্রদ্ধার সাথে স্মরণ করেন তারা। বিবৃতিতে বলা হয়, অগণিত নেতাকর্মীর অসীম ত্যাগের বিনিময়ে আজ দেশে গণতন্ত্রের নতুন সূর্য উদিত হয়েছে। প্রতিকূল পরিস্থিতিতেও হাল না ছেড়ে নিয়মতান্ত্রিক আন্দোলন পরবর্তী নির্বাচনের মাধ্যমে এই বিজয় বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক মাইলফলক হয়ে থাকবে।

এই নির্বাচন প্রমাণ করে যে দেশের মানুষ সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায়বিচারের পক্ষে। বিজয় পরবর্তী সময়ে রাষ্ট্র সংস্কার এবং সুশাসন প্রতিষ্ঠায় বিএনপি নেতৃত্বাধীন সরকার কার্যকর ভূমিকা রাখবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। নির্বাচনের পর এখন দেশ গড়ার সময়। প্রতিহিংসার রাজনীতি পরিহার করে একটি অন্তর্ভুক্তিমূলক ও গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে আগামী দিনে সকল গণতান্ত্রিক শক্তি একসাথে একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক এবং কল্যাণমূলক বাংলাদেশ গড়ে তুলতে সক্ষম হবে।

বিবৃতিতে নেতৃবৃন্দ আশা করেন, গণতন্ত্র, মানবাধিকার ও আইনের শাসন প্রতিষ্ঠায় বিজয়ী দল সরকার পরিচালনায় সকল রাজনৈতিক দল ও জনগণকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে দেশ গঠনের কাজে এগিয়ে যাবে। জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণ, সুশাসন নিশ্চিতকরণ এবং একটি গণতান্ত্রিক, মানবিক ও সমৃদ্ধ রাষ্ট্র বিনির্মাণে নির্বাচনে বিজয়ী দল সরকার গঠনের পর কার্যকর ভূমিকা রাখবে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত