নির্বাচন পরবর্তী সময়ে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে নিজ দলের কয়েকজন কর্মীকে পুলিশে সোপর্দ করেছেন চাঁদপুর-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) নির্বাচনের পরবর্তী সময়ে দেশীয় অস্ত্র নিয়ে দুই গ্রুপের মধ্যে উত্তেজনা ও বিশৃঙ্খলার ঘটনার পর রাতে জড়িতদের শনাক্ত করে পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফয়েজ ঢালীর নেতৃত্বে পাঁচ ছাত্রদল কর্মীকে চাঁদপুর মডেল থানায় সোপর্দ করা হয়।
আটকরা হলেন শহরের ওয়ারলেস বাজার এলাকার নাহিদুল ইসলাম জনি (২২), মোবারক হোসেন বেপারী (২৬), জনি গাজী (৩০), ওয়ারলেস বাজার এলাকার মনির ও ফাহিম।
চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফয়েজ আহমেদ বলেন, আটক ব্যক্তিদের থানা হেফাজতে রাখা হয়েছে। তাদের বিরুদ্ধে যাচাই-বাছাই শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনার সঙ্গে সম্পৃক্ত অন্যদের আটকের জন্য অভিযান অব্যাহত রয়েছে।
