আগামী ১১ মার্চ অনুষ্ঠেয় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে অংশ নিতে ছাত্রলীগের প্যানেল ঘোষণা করা হয়েছে। গতকাল রবিবার দুপুরে ঘোষিত এ প্যানেলে ত্যাগী নেতাদের মূল্যায়ন করা হয়নি অভিযোগ তুলে পাল্টা প্যানেল ঘোষণার হুমকি দিয়ে বিক্ষোভ করেছে ছাত্রলীগের একটি অংশ। এদিকে জাতীয়তাবাদী ছাত্রদল ডাকসু নির্বাচন তিন মাস পেছানোসহ সাত দফা দাবিতে উপাচার্যের কার্যালয় ঘেরাও করেছে। ডাকসু নির্বাচনে মনোনীত প্রার্থীদের প্যানেল ঘোষণা করেছে ছাত্রমৈত্রী। কোটা সংস্কার আন্দোলনকারী এবং বাম সংগঠনগুলোর জোটের প্যানেল ঘোষণা হবে আজ।
ছাত্রলীগের প্যানেল : গতকাল দুপুর আড়াইটার দিকে বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে ঢাবি শাখার সভাপতি সনজিত চন্দ্র দাস ডাকসু ও হল সংসদের মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করেন। ছাত্রলীগ সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন, সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী ও ঢাবি শাখার সাধারণ সম্পাদক সাদ্দাম হোসাইন সেখানে উপস্থিত ছিলেন।
প্যানেলের সদস্যরা হলেন ডাকসুর ভাইস প্রেসিডেন্ট (ভিপি)-রেজওয়ানুল হক চৌধুরী শোভন, সাধারণ সম্পাদক (জিএস)- গোলাম রাব্বানী, এজিএস- সাদ্দাম হোসাইন, মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক- সাদ বিন কাদের, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক- আরিফ ইবনে আলী, কমনরুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক- বি এম লিপি আক্তার, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক- শাহরিমা তানজিনা অর্নি, সাহিত্য সম্পাদক- মাজহারুল কবির শয়ন, সাংস্কৃতিক সম্পাদক-শামস্-ই-নোমান, ক্রীড়া সম্পাদক- শাকিল আহামদ তানভীর, ছাত্র পরিবহন সম্পাদক- রাকিব হাওলাদার, সমাজসেবা সম্পাদক- আজিজুল হক সরকার। সদস্যদের মধ্যে আছেন-চিবল সাংমা, নজরুল ইসলাম, রাকিবুল হাসান, রাকিবুল ইসলাম ঐতিহ্য, তানভীর হাসান সৈকত, রাইসা নাসের, সাবরিনা ইতি, ইশাত কাসফিয়া ইরা, নিপু ইসলাম তন্বী, হাইদার মোহাম্মদ জিতু, তিলোত্তমা শিকদার, জুলফিকার আলম রাসেল ও মাহমুদুল হাসান। এ ছাড়া হল সংসদের ভিপি-জিএস পদে মনোনীত প্রার্থীদের নামও ঘোষণা করা হয়েছে।
ছাত্রলীগের একাংশের বিক্ষোভ : প্যানেলে ছাত্রলীগের শীর্ষ চার নেতার কাছের লোকদের নেওয়ার অভিযোগ তুলে পাল্টা প্যানেল দেওয়ার ঘোষণা দিয়েছেন জহুরুল হক হল শাখা ছাত্রলীগের সাবেক নেতা আমিনুল ইসলাম বুলবুল। তিনি দেশ রূপান্তরকে বলেন, ‘আমরা দীর্ঘদিন পার্টি করেছি। পার্টির জন্য পরিশ্রম করেছি। কিন্তু আমাদেরকে রাখা হয়নি। আমাদেরকে অযোগ্য ঘোষণা করা হয়েছে। আমরাও ভোটের মাধ্যমে প্রমাণ করে দেব আমরা যোগ্য নাকি অযোগ্য। আগামীকাল সংবাদ সম্মেলন করে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করা হবে।’ আজ বেলা ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে প্যানেল ঘোষণা করা হবে বলে জানান তিনি।
এদিকে বিকেলে ফজলুল হক হল সংসদের ভিপি হিসেবে শাহরিয়ার সিদ্দিক সিসিমকে মনোনয়ন দেওয়ার প্রতিবাদে কার্জন হল এলাকায় বিক্ষোভ মিছিল করে ফজলুল হক হল ছাত্রলীগের একদল নেতাকর্মী। বিক্ষোভের বিষয়ে জানতে চাইলে ঢাবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসাইন বলেন, ‘বিক্ষোভের বিষয়ে কিছু শুনিনি। তারা স্বাগত মিছিল করছিল।’
ছাত্রদলের ভিসি অফিস ঘেরাও : এদিকে নির্বাচন তিন মাস পেছানো, ভোটকেন্দ্র হলের বাইরে একাডেমিক ভবনে নেওয়া, বিশ্ববিদ্যালয়ে সব সংগঠনের জন্য সহাবস্থান নিশ্চিত করাসহ সাত দফা দাবিতে গতকাল দুপুরে ভিসি কার্যালয় ঘেরাও করে ছাত্রদল নেতাকর্মীরা। সমাবেশে ঢাবি শাখার সভাপতি আল মেহেদী তালুকদার ও সাধারণ সম্পাদক আবুল বাশার সিদ্দিকীর নেতৃত্বে দুই শতাধিক নেতাকর্মী অংশ নেন। বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক আবুল বাশার সিদ্দিকী বলেন, ‘আমরা নির্বাচনের তারিখ পুনরায় পেছানোর দাবি এবং ভোটকেন্দ্র হলের বাইরে রাখার দাবিসহ বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে সাত দফা দাবি জানিয়েছি। কিন্তু প্রশাসন আমাদের কোনো আশ্বাস দেয়নি। আমরা এখনো প্রশাসনকে দাবিগুলো মেনে নেওয়ার অনুরোধ জানাচ্ছি।’
রবিবার বেলা ২টার দিকে মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে ছাত্র মৈত্রীর কেন্দ্রীয় ও ঢাবি শাখার নেতাকর্মীদের উপস্থিতিতে ডাকসু নির্বাচনে ২৫ পদের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করা হয়। ঘোষণাপত্র পাঠ করেন বাংলাদেশ ছাত্র মৈত্রীর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কাজী আবদুল মোতালেব জুয়েল। তাদের প্যানেলের প্রার্থীদের মধ্যে রয়েছেন ভিপি- মো. রাসেল শেখ, জিএস- সনম সিদ্দিকী শিতি, এজিএস- সানজীদা বারী।
গতকাল দুপুরে বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে ‘ঢাবি অধ্যয়নরত ক্ষুদ্র নৃগোষ্ঠী শিক্ষার্থীবৃন্দ’-এর ব্যানারে এক সংবাদ সম্মেলনে করে ডাকসুতে ক্ষুদ্র নৃগোষ্ঠী শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব নিশ্চিত, ক্ষুদ্র নৃগোষ্ঠী শিক্ষার্থীদের জন্য পাঁচ ভাগ শিক্ষা কোটা বাস্তবায়ন ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীদের জন্য পর্যাপ্তসংখ্যক আবাসিক সিট সংরক্ষণসহ বিভিন্ন দাবি তুলে ধরেন।
এদিকে ডাকসু ও হল সংসদের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করে আজ মনোনয়নপত্র সংগ্রহ করবেন বলে জানান কোটা সংস্কার আন্দোলনের প্ল্যাটফর্ম ‘বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের’ যুগ্ম আহ্বায়ক নুরুল হক নূর জানিয়েছেন। বাম সংগঠনগুলোর মোর্চা প্রগতিশীল ছাত্রজোট মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিনে আজ পূর্ণাঙ্গ ঘোষণা করে মনোনয়নপত্র সংগ্রহ করবে বলে জোটের অন্যতম নেতা ও ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক লিটন নন্দী জানিয়েছেন।