সেমিনারে এইচটি ইমাম

চকবাজার অগ্নিকাণ্ডে পুলিশ দায়িত্বহীনতার পরিচয় দিয়েছে

পুরান ঢাকার চকবাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় সরকারের সংস্থাগুলোর মধ্যে সমন্বয়হীনতাকে দায়ী করে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচটি ইমাম বলেছেন, এখানে পুলিশ দায়িত্বহীনতার পরিচয় দিয়েছে। বিষয়টি পুলিশ তো সময়মতো দেখেনি। এখন বলা হচ্ছে, প্রভাবশালী মহলের কারণে সেখান থেকে কেমিক্যাল ব্যবসায়ীদের সরানো যায়নি। তাদের তো খুঁজে বের করা উচিত ছিল। গতকাল রবিবার বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) অডিটরিয়ামে ‘সমৃদ্ধির অগ্রযাত্রায় বাংলাদেশ : পরিসংখ্যানের ভূমিকা’ শীর্ষক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, ‘এই অগ্নিকাণ্ডের জন্য সংশ্লিষ্ট সংস্থাগুলোর দায় আছে। এখানে ফায়ার ব্রিগেডের দায়িত্ব ছিল, প্রতিবছর গিয়ে প্রতিটি ফ্যাক্টরি ও দোকান দেখা উচিত। তারপর ট্রেড লাইসেন্স দেওয়ার দায়িত্ব ছিল সিটি করপোরেশনের। তাদের দায়িত্ব ছিল গিয়ে দেখা, কারা কারা ওখানে আছেন। তারা কী ধরনের ব্যবসা করছেন। সেগুলো ক্ষতিকর, ভালো নাকি মন্দ। এসব ছাড়াও এমনিতেই সেখানে কিছু কেমিক্যাল থাকে, যেগুলো বন্ধ থাকলেও পরিবেশের ক্ষতি করে। এসব থেকে নানা রকম অসুখ-বিসুখ হচ্ছে এখন। সেগুলো তো দেখা দরকার।’

রাসায়নিকের কারখানা ও গুদামের বিষয়ে পরিসংখ্যান ব্যুরোর কোনো কাজ আছে কি না সে বিষয়ে প্রশ্ন তুলে এইচটি ইমাম বলেন, বিবিএস কী কখনো ওখানে গেছে? কোনো বিষয়ে পরিসংখ্যান বা সুষ্ঠু তথ্য ব্যবস্থাপনা থাকলে সরকারের জন্য ওই বিষয়ে সিদ্ধান্ত নিতে সহজ হয়।

পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব সৌরেন্দ্র নাথ চক্রবর্তীর সভাপতিত্বে বিবিএস মহাপরিচালক ড. কৃষ্ণা গায়েন উপস্থিত ছিলেন। পরিসংখ্যান ব্যুরোর জাতীয় পরিসংখ্যান উন্নয়ন কৌশল (এনএসডিএস) প্রকল্পের পরিচালক দিলদার হোসেন মূল প্রবন্ধ উপস্থাপন করেন।